PM Modi 5 Nation Visit: এলপিজি-জ্বালানি সঙ্কট মিটে যাবে শীঘ্রই? UAE সহ ৫ দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী
India fuel crisis: বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী মোদী সংযুক্ত আরব আমিরশাহির রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন। দুই রাষ্ট্রনেতা দ্বিপাক্ষিক সম্পর্ক, জ্বালানি সহযোগিতা এবং আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করবেন।

নয়া দিল্লি: জ্বালানি সঙ্কটের মাঝেই এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)-র বড় স্ট্র্যাটেজি। আগামী শুক্রবার, ১৫ মে তিনি পাঁচ দেশ সফরে (5 Nation Visit) যাচ্ছেন। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে সফর, তা হল সংযুক্ত আরব আমিরশাহিতে। তিন ঘণ্টার এই সফরে জ্বালানি অর্থাৎ পেট্রোল-ডিজেল ও এলপিজি নিয়ে বড় কোনও সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেই জল্পনা। শোনা যাচ্ছে, দুই মউ (Mou) চুক্তি স্বাক্ষর হতে পারে।
৫ দেশের সফরে প্রধানমন্ত্রী-
আগামী ১৫ মে থেকে ২০ মে পর্যন্ত পাঁচ দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি প্রথমে যাবেন সংযুক্ত আরব আমিরশাহি, তারপর সেখান থেকে নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে ও ইটালিতে যাবেন তিনি। এই সফরে এলপিজি এবং কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ (এসপিআর) সম্পর্কিত দুটি গুরুত্বপূর্ণ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতের জ্বালানি নিরাপত্তা জোরদার করার জন্য এই সফরটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
জ্বালানি সঙ্কট মিটবে?
সংযুক্ত আরব আমিরশাহি ভারতের জ্বালানির প্রধান অংশীদার। ভারতে অপরিশোধিত তেলের চতুর্থ বৃহত্তম সরবরাহকারী এবং এলএনজি ও এলপিজির ক্ষেত্রে দ্বিতীয় বৃহত্তম সরবরাহকারী। সুতরাং এলপিজি সরবরাহ এবং তেল মজুত নিয়ে দুই দেশের মধ্যে চুক্তি ভারতের জ্বালানি চাহিদা পূরণে সহায়তা করবে। এর ফলে ভবিষ্যতে তেল ও গ্যাস সরবরাহের স্থিতিশীলতা বৃদ্ধি পাবে।
বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী মোদী সংযুক্ত আরব আমিরশাহির রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন। দুই রাষ্ট্রনেতা দ্বিপাক্ষিক সম্পর্ক, জ্বালানি সহযোগিতা এবং আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করবেন।
ইউরোপ সফরে সেমিকন্ডাক্টর ও বাণিজ্যে আলোকপাত-
সংযুক্ত আরব আমিরশাহি সফরের পর প্রধানমন্ত্রী মোদী নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইটালি সফরে যাবেন।বিদেশ মন্ত্রকের সচিব সিবি জর্জ জানিয়েছেন যে এই সফরে জ্বালানি, বাণিজ্য এবং প্রযুক্তিসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। বিশেষ করে, সেমিকন্ডাক্টর এবং নেদারল্যান্ডসের সঙ্গে আইএমইসি (ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডোর) প্রকল্প নিয়ে আলোচনা হবে।
