
কলকাতা: অবশেষে শুরু হচ্ছে কাউন্সেলিং প্রক্রিয়া। পরীক্ষা দেওয়ার বারো বছর পর শেষমেশ চাকরি হতে চলেছে ১,১১৭ জনের। উচ্চ প্রাথমিকে নিয়োগের কাউন্সেলিং কবে হবে সেই নিয়ে দিন ঘোষণা আগেই করা হয়েছিল। এবার কোথায়, কোন দিন হবে এই কাউন্সেলিং তাই বিস্তারিত ভাবে জানাল কমিশন।
২০১৪ টেটের উচ্চ-প্রাথমিকে পরীক্ষার্থীরা ২০১৬ সালে নিয়োগ পদ্ধতিতে যোগ দিয়েছিলেন। তবে, বিভিন্ন জটিলতার কারণে সেই প্যানেলের কাউন্সেলিং তখনও হয়নি। সেই কাউন্সেলিং হয় ২০২৪ সালে। মোট আট দফা কাউন্সেলিং হয়ে নিয়োগ হয়। কিন্তু তা সম্পূর্ণ হয়নি। কারণ এরপর ছিল ছাব্বিশের নির্বাচন। তারপর সরকারের পালা বদল। এই সমস্ত জটিলতার জেরে সব শূন্যপদে নিয়োগ হয়নি। মেধাতালিকায় থাকা ১২,৭২৩ জনের নিয়োগ হলেও ১,২৪১ জনের নিয়োগ আটকে ছিল। আদালতের নির্দেশের পরে সেই শূন্যপদের ১১৭৭ জনের কাউন্সেলিং শুরু হচ্ছে। এখনও বাকি থেকে যাচ্ছে ৬৪ জনের নিয়োগ।
এই ১১৭৭ জনেরই নিয়োগ প্রক্রিয়া এবার শুরু হচ্ছে। আগামী ২১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত চলবে কাউন্সেলিং প্রক্রিয়া। বিধাননগর আচার্য সদনে সকাল সাড়ে ১০টার মধ্যে রিপোর্ট করতে হবে চাকরি প্রার্থীদের। বারংবার বাধা ও হাইকোর্ট-সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পর অবশেষে চাকরি পাচ্ছেন তাঁরা।