AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

North Kolkata: ৪ লাখ ভোট মুছে গেল উত্তর কলকাতায়, কতটা প্রভাব পড়বে নির্বাচনে?

North Kolkata names deleted: রাজ্য বিজেপির সহ সভাপতি তাপস রায় চব্বিশের লোকসভা নির্বাচনে কলকাতা উত্তর আসনে প্রার্থী হয়েছিলেন। তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে সাড়ে ৯২ হাজারের মতো ভোটে পরাজিত হন তিনি। উত্তর কলকাতায় ৪ লক্ষের বেশি নাম বাদ পড়ার পর তৃণমূলকে নিশানা করে তিনি বলেন, "এই সমস্ত ভোট নিয়েই তো মমতা বন্দ্যোপাধ্যায়কে জিততে হবে।"

North Kolkata: ৪ লাখ ভোট মুছে গেল উত্তর কলকাতায়, কতটা প্রভাব পড়বে নির্বাচনে?
উত্তর কলকাতায় চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে কী বললেন বিজেপির তাপস রায়?Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 28, 2026 | 1:36 PM
Share

কলকাতা: দুই দশকের পর বাংলায় এসআইআর। শনিবার চূড়ান্ত ভোটার তালিকায় প্রকাশের পর দেখা গেল, উত্তর কলকাতায় আরও ১৭ হাজার নাম বাদ পড়ল। এর আগে খসড়া ভোটার তালিকায় ৩ লক্ষ ৯০ হাজার নাম বাদ গিয়েছিল। ফলে এখনও পর্যন্ত ৪ লক্ষ ৭ হাজার নাম বাদ গেল। আরও ৪০ হাজার ভোটারের নাম অমীমাংসিতের তালিকায় রয়েছে। এদিন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর শাসকদল তৃণমূলকে খোঁচা দিল বিজেপি। 

গত বছরের অক্টোবরের শেষে এসআইআর প্রক্রিয়া শুরুর ঘোষণা করেছিল জাতীয় নির্বাচন কমিশন। তারপর ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এনুমারেশন ফর্ম পৌঁছে দেন বিএলও-রা। আবার এসআইআর প্রক্রিয়া শুরু থেকেই তৃণমূল কংগ্রেস বিভিন্ন ইস্যুতে কমিশনের বিরুদ্ধে সরব হয়। শুনানি প্রক্রিয়ায় ভোটারদের হয়রানির অভিযোগ তোলে। অন্যদিকে, শাসকদলকে নিশানা করে বিজেপি দাবি করে, ভোটের আগে এসআইআর প্রক্রিয়া বানচাল করতেই বিরোধিতা করছে তৃণমূল। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বিজেপির একাধিক নেতা দাবি করেন, এসআইআর হলে ১ কোটি নাম বাদ যাবে।

গত বছরের ১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের পর দেখা যায়, ৫৮ লক্ষের নাম বাদ গিয়েছে। এই ৫৮ লক্ষের মধ্যে উত্তর কলকাতায় বাদ গিয়েছিল ৩ লক্ষ ৯০ হাজারের নাম। মৃত, স্থানান্তর, একাধিক জায়গায় ভোটার তালিকায় নাম, এই সব মিলিয়ে প্রায় ৪ লক্ষের নাম বাদ যায়। এবার চূড়ান্ত ভোটার তালিকায় আরও ১৭ হাজার নাম বাদ গেল। ফলে এখনও পর্যন্ত ৪ লক্ষ ৭ হাজারের নাম বাদ গিয়েছে। উত্তর কলকাতায় আরও ৪০ হাজারের নাম অমীমাংসিতের তালিকায় রয়েছে। সেখান থেকেও নাম বাদ পড়তে পারে। এই নাম বাদ আসন্ন বিধানসভা নির্বাচনে কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে।

বিধানসভা নির্বাচনের আগে উত্তর কলকাতায় ৪ লক্ষ নাম বাদ যাওয়া নিয়ে শাসকদলকে কটাক্ষ করল পদ্ম শিবির। রাজ্য বিজেপির সহ সভাপতি তাপস রায় চব্বিশের লোকসভা নির্বাচনে কলকাতা উত্তর আসনে প্রার্থী হয়েছিলেন। তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে সাড়ে ৯২ হাজারের মতো ভোটে পরাজিত হন তিনি। উত্তর কলকাতায় ৪ লক্ষের বেশি নাম বাদ পড়ার পর তৃণমূলকে নিশানা করে তিনি বলেন, “এই সমস্ত ভোট নিয়েই তো মমতা বন্দ্যোপাধ্যায়কে জিততে হবে। উনি তো লোকসভা নির্বাচনের পর বলেওছিলেন, আমি না নামলে উত্তর কলকাতা হাতছাড়া হয়ে গিয়েছিল। তাহলে সর্বসাকুল্যে কত ভোট বাদ গেল? আর কত ভোট বাদ গেল? এর থেকেই তো বোঝা যায়, ওরা এইভাবে পুরসভা, বিধানসভা, লোকসভা সমস্ত দখল করবে। আর রাজ্যসভায় গায়ক-গায়িকা, নায়ক-নায়িকা, অবাঙালিদের পাঠাবে। ঝরে পড়ছে বাঙালির অস্মিতা।”