
কলকাতা: ১৬৪ বছর পর বদল হল কলকাতা হাইকোর্টের ঠিকানা। ৩ নম্বর এসপ্ল্যানেড রো (ওয়েস্ট)। এটাই এতদিন ছিল শতবর্ষ পুরনো ওই ভবনের ঠিকানা। দেশের সবথেকে পুরনো হাইকোর্টের ঠিকানা বদলে হল ৩ নম্বর জাস্টিস রাধা বিনোদ পাল সরণী। না, বাড়ির বদল নয় বরং ব্রিটিশ ইতিহাস বদলে এবার বিচারপতির নামে হল রাস্তার নামকরণ।
১৮৬২ সালের ১ জুলাই স্ট্র্যান্ড রোডের গা ঘেঁষে তৈরি হয় দেশের প্রথম হাইকোর্ট। সেই কলকাতা হাইকোর্টের ঠিকানা ছিল এই এসপ্ল্যানেড। এবার নাম বদলে গেল, আর নাম বদলের নেপথ্যে রয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
জাস্টিস রাধাবিনোদ পাল সেই বাঙালি আইনজ্ঞ যিনি একসময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধাপরাধের বিচারের জন্য তৈরি আন্তর্জাতিক সামরিক আদালতের বিচারক হিসেবে তাঁকেই দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি ‘জাপান-বন্ধু ভারতীয়’ নামেও পরিচিত ছিলেন। জাপানের ইতিহাসে রাধাবিনোদ পালের নাম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
জাপানের টোকিও শহরে জাস্টিস রাধাবিনোদ পালের নামে রয়েছে জাদুঘর, সড়ক। রয়েছে তাঁর মূর্তিও। জাপান বিশ্ববিদ্যালয়ে তাঁর নামে একটি রিসার্চ সেন্টারও রয়েছে। গত বছর দেশের এক প্রতিনিধি দলের সঙ্গে জাপানে গিয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায় রাধাবিনোদ পালের প্রতি মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা উপলব্ধি করেন।
অপারেশন সিঁদুর-এর পর ভারত বিভিন্ন দেশে যে প্রতিনিধি দল পাঠিয়েছিল, তারই অংশ ছিলেন অভিষেক। সেই সময়ই জাপানে যান তিনি। পরে কলকাতায় ফিরে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রস্তাব দেন কোনও একটা রাস্তার নাম এই বিদগ্ধ আইনজীবীর নামে করা হোক। তারপরেই এই রাস্তার নাম বদলে সিলমোহর দেয় পুরসভা। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট এই নাম বদলের বিজ্ঞপ্তি জারি করে।