Agnimitra Paul in London: লন্ডন থেকে শিখে আসছেন অগ্নিমিত্রা, কলকাতাতেও ট্রেন-বাস-মেট্রোর জন্য এই ব্যবস্থা!
Agnimitra Paul: লন্ডনের পরিবহন ব্যবস্থা দেখে মুগ্ধ মন্ত্রী। ঠিক যেভাবে লন্ডনে একটা পরিবহন থেকে নেমেই আর একটা পরিবহনের পরিষেবা পাওয়া যায়, যেমন বাস থেকে নেমে ট্রেন, ট্রেন থেকে নেমে জলযান, তেমনটাই হওয়া উচিৎ বলে মনে করেন তিনি।

কলকাতা: কলকাতাকে লন্ডন বানানোর কোনও পরিকল্পনা নেই, তবে লন্ডন থেকে বেশ কিছু ‘আইডিয়া’ কলকাতায় নিয়ে আসতে চাইছেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। মন্ত্রিত্ব পাওয়ার পর থেকেই শহর ও শহরতলির রাস্তায় রাস্তায় ঘুরে সাধারণ মানুষকে পরিচ্ছন্নতা ও নিয়মানুবর্তিতা শেখানোর চেষ্টা করেছেন অগ্নিমিত্রা। আপাতত সেই দায়িত্ব থেকে কিছু ফুরসৎ নিয়ে রয়েছেন লন্ডনে। সেখানেই বিবিসি-কে দেওয়া সাক্ষাৎকারে জানালেন, লন্ডন থেকে অনেক কিছু শেখার চেষ্টা করছেন তিনি।
অগ্নিমিত্রা কী শিখলেন লন্ডনে?
টেমস নদীর ধারে দাঁড়িয়ে সাক্ষাৎকার দিতে গিয়ে অগ্নিমিত্রা বলেন, লন্ডন থেকে অনেক কিছু শেখার আছে। ডিসিপ্লিন, নাগরিকের দায়িত্ব শিখতে হবে। তিনি উল্লেখ করেন, ওই শহরে সবাই নির্দিষ্ট জায়গাতেই ময়লা ফেলে, রাস্তায় কেউ ময়লা ফেলে না। তাঁর মতে, স্বাধীনতার পর থেকে ভারতে ক্ষমতায় থাকা অন্যান্য দলগুলিকে কেউ নাগরিকের দায়িত্ব শেখায়নি, তাই এগুলো করতে একটু সময় লাগবে।
লন্ডনের গণপরিবহন দেখে যা বললেন অগ্নিমিত্রা
লন্ডনের পরিবহন ব্যবস্থা দেখে মুগ্ধ মন্ত্রী। ঠিক যেভাবে লন্ডনে একটা পরিবহন থেকে নেমেই আর একটা পরিবহনের পরিষেবা পাওয়া যায়, যেমন বাস থেকে নেমে ট্রেন, ট্রেন থেকে নেমে জলযান, তেমনটাই হওয়া উচিৎ বলে মনে করেন তিনি।
টিএফএল (TFL) বা ট্রান্সপোর্ট ফর লন্ডন যেভাবে একটি টিকিটে সব পরিবহন ব্যবহার করার বন্দোবস্ত রেখেছে, তা পশ্চিমবঙ্গেও চালু করতে চান অগ্নিমিত্রা। তিনি বলেন, “এই যে এক টিকিটে বাস-ট্রেন-মেট্রো ব্যবহার করা যায়, এই ব্যবস্থা পশ্চিমবঙ্গে চালু করলে ভালো হবে।”
