
প্রসেনজিৎ চৌধুরী: ‘পাখির চোখ’ বাংলা। ভোটবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৭ কিংবা ৮ এপ্রিল উত্তরবঙ্গে বিশেষত শিলিগুড়িতে রোড শো করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরবঙ্গের বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল ও কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব শিলিগুড়িতে বৈঠকে বসেছেন। উত্তরবঙ্গের নেতা ও সংগঠকরা বৈঠকে বসেছেন। ৭ কিংবা ৮ এপ্রিল উত্তরবঙ্গে সভাও করতে পারেন প্রধানমন্ত্রী। তা নিয়ে এখন দিল্লির সঙ্গে যোগাযোগ রাখছেন বনসালরা। সূত্রের খবর, উত্তরবঙ্গে মোট ৪টি সভা করার কথা রয়েছে মোদীর।
আগামী সপ্তাহে বাংলায় আসতে পারেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি নিতিন নবীন। সূত্রের খবর, বাংলায় এসে জোন ভিত্তিক সাংগঠনিক বৈঠক করবেন নিতিন। বিজেপির যে ১০ টি বিভাগ রয়েছে, তার প্রত্যেকটি বিভাগের সঙ্গে আলাদা আলাদাভাবে বৈঠকে বসতে পারেন নিতিন নবীন। জানা যাচ্ছে, এখনও পর্যন্ত তাঁর সূচি বঙ্গ নেতৃত্বের কাছে এসে পৌঁছয়নি। তবে সূত্র মারফত খবর, মূলত সাংগঠনিক বৈঠকের ওপরই জোর দেওয়া হচ্ছে, পরবর্তীতে যদি সময় থাকে, পরিস্থিতি অনুকূল থাকলে তিনি কয়েকটি জনসভাও করতে পারেন। এখনও পর্যন্ত সম্ভাবনা মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে রাজ্যে আসতে পারেন নিতিন নবীন।
এবারের নির্বাচনে বিজেপি মূলত ‘২০০-র বেশি’ আসন জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে। দলের কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব বারবার এই সংখ্যাটিকে সামনে রেখে প্রচার চালাচ্ছেন। কয়েকদিন আগে দক্ষিণ ২৪ পরগনায় ‘পরিবর্তন যাত্রা’র সূচনাতে এসে এই লক্ষ্যমাত্রা স্পষ্ট করে গিয়েছিলেন অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিভিন্ন জনসভায় স্পষ্ট করেছেন যে, বিজেপি এবার বাংলায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চায়। তিনি দলীয় কর্মীদের ২০০-র বেশি আসন জেতার লক্ষ্য দিয়েছেন সংগঠনের ওপর জোর দিচ্ছে বিজেপি। প্রার্থীতালিকাতেও রেখেছে একাধিক চমক। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়েছেন। তিনি নিজে নন্দীগ্রাম এবং ভবানীপুর—উভয় কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে আবার বিজেপির এই ২০০ আসনের লক্ষ্যমাত্রাকে কটাক্ষ করেছেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পাল্টা দলকে ২২৬ টি আসনের টার্গেট ফিক্সড করে দিয়েছেন।