
কলকাতা: অধীর-গড় বহরমপুরে এবার তৃণমূলের বাজি তাঁর উপরেই। ব্রিগেডের জনগর্জন সভা থেকে প্রার্থী তালিকায় নাম ঘোষণার পর কলকাতা থেকেই ফিরে গিয়েছিলেন তিনি। আর এবার লোকসভা ভোটের প্রচারে পুরোদমে নেমে পড়তে বাংলায় এলেন প্রাক্তন নাইট তথা বহরমপুরের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান। বুধবার রাতেই কলকাতায় পৌঁছেছেন তিনি। ভোটে গরম বাংলায় পা রেখেই অধীর প্রসঙ্গে প্রশ্নে মুখ খুললেন ইউসুফ। যে বহরমপুরকে বাংলার রাজনীতিতে অধীরের গড় বলে ধরা হয়, সেখানেই এবার নির্বাচনী ময়দানে লড়ছেন পাঠান। কংগ্রেসের থেকে আনুষ্ঠানিকভাবে বহরমপুর থেকে প্রার্থীর নাম ঘোষণা না হলেও, ধরেই নেওয়া হচ্ছে বহরমপুরে অধীর-ইউসুফ মুখোমুখি লড়াই। সেক্ষেত্রে তাঁর প্রতিপক্ষ অধীর প্রসঙ্গে প্রশ্ন করাতেই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হাসতে হাসতে বললেন, ‘এখন কিছু বলব না। সময়ই কথা বলবে।’
বাংলা থেকে নির্বাচনী ময়দানে নেমে যে তিনি যথেষ্ট খুশি, সে কথাও গোপন করলেন না ইউসুফ। বললেন, ‘কলকাতায় ফিরে এসে আমার খুবই ভাল লাগছে।’ তবে ভোট প্রচারের আগামীর রণকৌশল নিয়ে এখনই কোনও মন্তব্য করলেন না বহরমপুরের তৃণমূল প্রার্থী। জানিয়ে দিলেন, দলীয় নেতৃত্বের সঙ্গে আগে বৈঠক করবেন এবং তারপরই স্থির করবেন আগামীতে কীভাবে এগোবেন।
উল্লেখ্য, ব্রিগেডের মঞ্চ থেকে ইউসুফ পাঠানের নাম ঘোষণা হওয়ার পর থেকেই বিরোধীরা বিভিন্ন ধরনের খোঁচা দিতে শুরু করেছে তৃণমূলকে। উঠে আসছে ‘বহিরাগত’ তত্ত্বও। বুধবার রাতে কলকাতা বিমানবন্দর চত্বরে সেই নিয়েও প্রশ্ন করা হয়েছিল ইউসুফকে। যদিও এই বহিরাহত তত্ত্বকে বিশেষ আমল দিতে নারাজ তিনি। বহরমপুরের বিদায়ি সাংসদ অধীর চৌধুরী আবার তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরই বলে দিয়েছিলেন, ‘ইউসুফকে রাজ্যসভায় পাঠিয়ে সম্মান জানাতে পারত তৃণমূল।’