
কলকাতা: তাঁর বিরুদ্ধে রাজ্যে কোথায় কী মামলা রয়েছে? জানতে চেয়ে নিজেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা বিদায়ী বিজেপি বিধায়ক অশোক দিন্দা। কলকাতা পুলিশ জানিয়েছে, কলকাতায় বিদায়ী বিজেপি বিধায়কের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। তবে রাজ্য পুলিশ এখনও কোনও তথ্য দেয়নি। দিন্দার আবেদনের ভিত্তিতে শুক্রবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চ রাজ্য পুলিশের ডিজি-কে নির্দেশ দিয়েছে, আগামী বুধবার জানাতে হবে আবেদনকারীর বিরুদ্ধে রাজ্য পুলিশ এলাকায় কত মামলা রয়েছে।
কিন্তু, তাঁর বিরুদ্ধে মামলার সংখ্যা জানতে হঠাৎ হাইকোর্টের দ্বারস্থ হলেন কেন বিদায়ী বিজেপি বিধায়ক দিন্দা? বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে নিজের হলফনামায় প্রার্থীকে জানাতে হয় তাঁর বিরুদ্ধে কী কী মামলা রয়েছে। অশোক দিন্দা ময়নার বিদায়ী বিজেপি বিধায়ক। পদ্মশিবির ওই আসনে এবারও তাঁকে প্রার্থী করেছে। ময়নায় ভোটগ্রহণ হবে ২৩ এপ্রিল। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৬ এপ্রিল।
এই পরিস্থিতিতে তাঁর বিরুদ্ধে মামলার সংখ্যা জানতে চেয়ে পুলিশের কাছে আবেদন করেছিলেন অশোক। কিন্তু, পুলিশের তরফে তাঁকে তথ্য দেওয়া হয়নি বলে অভিযোগ। এরপরই হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। এদিন কলকাতা পুলিশের তরফে জানানো হয়, ময়নার বিজেপি প্রার্থী অশোক দিন্দার বিরুদ্ধে নিউমার্কেট থানায় গত বছরের অগস্টে একটি FIR হয়। এর বাইরে আর কলকাতায় তাঁর বিরুদ্ধে কোনও মামলা নেই। রাজ্য পুলিশের তরফে এখনও কোনও তথ্য দেওয়া হয়নি। এদিন বিচারপতি সৌগত ভট্টাচার্য রাজ্যের ডিজিপি সিদ্ধনাথ গুপ্তকে নির্দেশ দিয়েছেন, আগামী বুধবার তাঁকে জানাতে হবে, ওই বিজেপি প্রার্থীর বিরুদ্ধে রাজ্য পুলিশ এলাকায় কত মামলা রয়েছে।