Bombscare in Victoria Memorial: ‘উড়িয়ে দেওয়া হবে ভিক্টোরিয়া…’, মমতার মঞ্চের অদূরে বোমাতঙ্ক!
Bombscare in Kolkata: এদিন দুপুরের দিকেই ইমেল মারফৎ সেই হুমকি বার্তা পেয়েছেন ভিক্টোরিয়া কর্তৃপক্ষ। তারপর হেস্টিংস থানায় যোগাযোগ করে তাঁরা। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় লালবাজারের বম্ব স্কোয়াড। তবে এই বোমা-হুমকি জেরে ভিক্টোরিয়ার পর্যটন ব্যাহত হয়েছে এমনটা নয়। কয়েকটি জায়গা বাদে সাধারণ মানুষ ভিক্টোরিয়ায় প্রবেশ করতে পারছেন।

কলকাতা: উড়িয়ে দেওয়া হবে ভিক্টোরিয়া মেমোরিয়াল। কর্তৃপক্ষের মেইলে এল হুমকি বার্তা। তারপর আতঙ্ক ছড়াল এলাকাজুড়ে। হুমকিবার্তা পেতেই হেস্টিংস থানার সঙ্গে যোগাযোগ করে কর্তৃপক্ষ। মেমোরিয়ালে পৌঁছয় লালবাজারের বম্ব স্কোয়াড। আপাতত তদন্ত চলছে। দিন কয়েক আগেই রাজ্য়ের একের পর এক আদালত, পোস্ট অফিস বিশেষ করে যেখানে পাসপোর্ট যেখানে তৈরি হয় — এমন সরকারি প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করে দেওয়া হয়েছিল বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি। এবার সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বোমাতঙ্ক শহর কলকাতায়। তাও আবার ভিক্টোরিয়ার মতো জায়গায়।
এদিন দুপুরের দিকেই ইমেইল মারফৎ সেই হুমকি বার্তা পেয়েছেন ভিক্টোরিয়া কর্তৃপক্ষ। তারপর হেস্টিংস থানায় যোগাযোগ করে তাঁরা। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় লালবাজারের বম্ব স্কোয়াড। তবে এই বোমা-হুমকি জেরে ভিক্টোরিয়ার পর্যটন ব্যাহত হয়েছে এমনটা নয়। কয়েকটি জায়গা বাদে সাধারণ মানুষ ভিক্টোরিয়ায় প্রবেশ করতে পারছেন। পুলিশি নজরদারিও রয়েছে। প্রবেশের আগেই চলছে যাচাই। সঙ্গে ভিক্টোরিয়ার অন্দরে তল্লাশি চালাচ্ছে বম্ব স্কোয়াড।
বলে রাখা প্রয়োজন, শুক্রবার ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের বিরোধিতায় মেট্রো চ্যানেলে অবস্থান বিক্ষোভে বসেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর মমতার ধর্না মঞ্চ থেকে ভিক্টোরিয়ার দূরত্ব মেরেকেটে তিন কিলোমিটার। স্বাভাবিক ভাবেই এমন হুঁশিয়ারি, তা ভুয়ো হলেও একটা সংশয়ের জায়গা থেকেই যাচ্ছে। তাই তড়িঘড়ি তল্লাশি অভিযানে নেমেছে লালবাজার।
মেদিনীপুরের আদালতে বোমাতঙ্ক
ফের উড়ো ইমেইলে বোমাতঙ্ক মেদিনীপুর আদালতে। শুক্রবার আদালত শুরু হওয়ার সময় এই উড়ো ইমেইল নজরে আসে আদালতের কর্মীদের। খবর যায়, আদালতের GRO ও জেলা দায়রা বিচারকের কাছে। এরপরই আদালতে এসে তল্লাশি চালায় জেলা পুলিশের বম্ব স্কোয়াডের সদস্যরা। দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পরেও কোন সন্দেহজনক কিছু না মেলায় কিছুক্ষণ পর স্বাভাবিক হয়ে যায় কোর্টের যাবতীয় কাজকর্ম।
