Iran oil tanker: ভারতের দিক থেকে কেন মুখ ঘুরিয়ে নেয় ইরানের জাহাজ, অবশেষে রহস্যভেদ, কী জানাল কেন্দ্রীয় সরকার?
Iran Oil export in India : পেট্রোলিয়াম ও প্রাকৃতি গ্যাস মন্ত্রক জানিয়েছে, এই ধরনের দাবি 'তথ্যগতভাবে ভুল'। বাস্তবের সঙ্গে এর কোনও মিল নেই। তাঁদের বক্তব্য, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে মাঝপথে জাহাজের গন্তব্য পরিবর্তন হওয়া অস্বাভাবিক নয়। বাণিজ্যিক এবং অন্য কারণে মাঝসমুদ্রে থাকা যে কোনও পণ্যের গন্তব্য বদল হতে পারে।

নয়াদিল্লি : আর্থিক সংক্রান্ত সমস্যা। তারপরই ভারতের দিকে আসা ইরানের তেলবাহী জাহাজ মাঝপথে চিনের দিকে অগ্রসর হয়। সকাল থেকে এমনই খবর উঠে আসছিল। এবার সেই খবর সম্পূর্ণ ভুল বলে দাবি করল নয়া দিল্লি। কেন্দ্রীয় সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, আর্থিক সমস্যা নয়, কোনও বিশেষ একটি কারণেই চিনের দিকে মুখ ঘুরিয়ে নিয়েছে ইরানের জাহাজ।
পেট্রোলিয়াম ও প্রাকৃতি গ্যাস মন্ত্রক জানিয়েছে, এই ধরনের দাবি ‘তথ্যগতভাবে ভুল’। বাস্তবের সঙ্গে এর কোনও মিল নেই। তাঁদের বক্তব্য, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে মাঝপথে জাহাজের গন্তব্য পরিবর্তন হওয়া অস্বাভাবিক নয়। বাণিজ্যিক এবং অন্য কারণে মাঝসমুদ্রে থাকা যে কোনও পণ্যের গন্তব্য বদল হতে পারে।
কী ঘটেছিল?
জানা গিয়েছে, ‘পিং শান’ নামে একটি তেলবাহী জাহাজ প্রথমে গুজরাটের ভাদিনারের উদ্দেশে রওনা দেয়। পরে তার গন্তব্যে অভিমুখ বদলে যায় চিনের ডংইং-এর দিকে। ২০১৯ সালের পর ইরান থেকে প্রথম ভারতে তেল আমদানি হচ্ছিল। আর প্রথমে বিপত্তি দেখা গেল।
এক্স হ্যান্ডেলে পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছে, আর্থিক সমস্যার কারণে জাহাজের অভিমুখ ঘোরানোর দাবি ভুল। ভারত ৪০টিরও বেশি দেশ থেকে তেল আমদানি করে। তেল সংস্থাগুলির নিজস্ব বাণিজ্যিক সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা রয়েছে। মন্ত্রকের মতে,’বিল অফ লেডিং’-এ অনেক সময় সম্ভব্য গন্তব্যের উল্লেখ থাকে। মাঝপথে বাণিজ্যিক কারণে জাহাজের গন্তব্য বদলানো স্বাভাবিক।”
কেন্দ্রীয় সরকার আশ্বস্ত করেছে, আগামী কয়েক মাসের জন্য ভারতের অপরিশোধিত তেলের চাহিদা সম্পূর্ণ সুরক্ষিত। মধ্যপ্রাচ্যে অস্থিরতা থাকা সত্ত্বেও বিকল্প উৎস থেকে সরবরাহ নিশ্চিত করা হয়েছে। ইরান থেকেও তেল আমদানিতে আর্থিক কোনও সমস্যা নেই। ভারতের জ্বালানি সরবরাহে আপাতত কোনও বড়সড় ঝুঁকি নেই বলে জানিয়েছে সরকার।
