AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dilip Ghosh nomination: দিলীপের ১ কোটি ৪২ লক্ষ টাকার ফ্ল্যাট, গাড়ি-গয়না-ব্যাঙ্ক ব্যালেন্স মিলিয়ে ঘোষ দম্পতির মোট সম্পত্তি কত?

Dilip Ghosh assets disclosure: হলফনামায় দিলীপ জানিয়েছেন, তাঁর স্থাবর সম্পত্তির বর্তমান বাজারমূল্য ১ কোটি ৮৫ লক্ষ ৪৫ হাজার ৫৮৯ টাকা। আর তাঁর স্ত্রীর স্থাবর সম্পত্তির বর্তমান বাজারমূল্য ৭০ লক্ষ টাকা। নিজের পেশা হিসেবে হলফনামায় দিলীপ জানিয়েছেন, তিনি বিজেপির হোলটাইমার। আর তাঁর স্ত্রীর ব্যবসা রয়েছে। লোকসভার প্রাক্তন সাংসদ ও প্রাক্তন বিধায়ক হিসেবে প্রাপ্ত পেনশনকে নিজের আয়ের উৎস হিসেবে দেখিয়েছেন।

Dilip Ghosh nomination: দিলীপের ১ কোটি ৪২ লক্ষ টাকার ফ্ল্যাট, গাড়ি-গয়না-ব্যাঙ্ক ব্যালেন্স মিলিয়ে ঘোষ দম্পতির মোট সম্পত্তি কত?
বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সম্পত্তি কত?Image Credit: TV9 Bangla
| Updated on: Apr 04, 2026 | 6:22 PM
Share

খড়্গপুর: ছিলেন আরএসএস প্রচারক। ২০১৫ সালে বঙ্গ বিজেপির হাল ধরেন। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে খড়্গপুর সদর থেকে জিতে প্রথম জনপ্রতিনিধি হন। এবারের বিধানসভা নির্বাচনে সেই খড়্গপুর সদর থেকেই বিজেপি প্রার্থী হিসেবে হলফনামা জমা দিলেন দিলীপ ঘোষ। হলফনামায় নিজের সম্পত্তির পরিমাণ নিয়ে কী জানিয়েছেন তিনি? তাঁর স্থাবর ও অস্থাবর সম্পত্তি কত? বছর খানেক আগেই বিয়ে করেছেন দিলীপ। তাঁর স্ত্রী রিঙ্কু মজুমদারেরই স্থাবর ও অস্থাবর সম্পত্তি কত রয়েছে?

বছর একষট্টির দিলীপ ঘোষ ২০২১-২২ অর্থবর্ষ থেকে ২০২৪-২৫ অর্থবর্ষ পর্যন্ত আয়ের হিসেব দিয়েছেন হলফনামায়। সেখানে তিনি জানিয়েছেন, ২০২১-২২ অর্থবর্ষে তাঁর আয় ছিল ৭ লক্ষ ৭২ হাজার ২৩০ টাকা। পরের অর্থবর্ষে সেই আয় অনেকটাই বাড়ে। ২০২২-২৩ অর্থবর্ষে খড়্গপুর সদরের বিজেপি প্রার্থীর আয় ছিল ১৩ লক্ষ ৫০ হাজার ৮৬০ টাকা। সেখানে ২০২৩-২৪ অর্ষবর্ষে আয় আবার কিছুটা কমে যায়। ওই অর্থবর্ষে তাঁর আয় ছিল ৯ লক্ষ ৩৩ হাজার ৯৫০ টাকা। আর ২০২৪-২৫ অর্থবর্ষে ১৩ লক্ষ ৪৬ হাজার ৮৮০ টাকা আয় দেখিয়েছেন দিলীপ।

দিলীপ পত্নী রিঙ্কু মজুমদারের ২০২১-২২ অর্থবর্ষে আয় ছিল ৪ লক্ষ ৯৯ হাজার ৮২০ টাকা। পরের অর্থবর্ষেও তাঁর আয় প্রায় একই ছিল। ২০২২-২৩ অর্থবর্ষে দিলীপের স্ত্রীর আয় ছিল ৪ লক্ষ ৯৯ হাজার ৬০০ টাকা। ২০২৩-২৪ অর্থবর্ষে রিঙ্কু মজুমদারের আয় ছিল ৬ লক্ষ ১১ হাজার টাকা। আর ৬ লক্ষ ৬৬ হাজার ৪২০ টাকা আয় ছিল ২০২৪-২৫ অর্থবর্ষে।

হলফনামায় নিজের ও স্ত্রীর স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ জানিয়েছেন দিলীপ। সেখানে তিনি জানিয়েছেন, তাঁর হাতে রয়েছে নগদ ৩ লক্ষ ৫০ হাজার টাকা। আর স্ত্রীর হাতে নগদ রয়েছে ৫ লক্ষ টাকা। তাঁর ও স্ত্রীর নামে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে বলে হলফনামায় জানিয়েছেন খড়্গপুর সদরের বিজেপি প্রার্থী। দিলীপের নামে জীবনবিমা রয়েছে।

বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপের নামে কোনও গাড়ি নেই। তবে তাঁর স্ত্রী রিঙ্কুর নামে একটি চারচাকা গাড়ি রয়েছে। গাড়িটি চলতি বছরের শুরুতেই কিনেছেন। দাম ১৪ লক্ষ ৬২ হাজার টাকা। হলফনামায় দিলীপ জানিয়েছেন, তাঁর ও স্ত্রীর কোনও গয়না নেই। সবমিলিয়ে দিলীপের অস্থাবর সম্পত্তির পরিমাণ ২৫ লক্ষ ২৫ হাজার ৮০৫ টাকা। আর তাঁর স্ত্রীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ২২ লক্ষ ৯৮ হাজার ৩০১ টাকা।

নিজের স্থাবর সম্পত্তির পরিমাণ জানাতে গিয়ে হলফনামায় দিলীপ জানিয়েছেন, তাঁর নামে একাধিক কৃষি জমি রয়েছে। সবমিলিয়ে ১.৮৮ একর। উত্তরাধিকার সূত্রে তিনি তা পেয়েছেন। যার বর্তমান বাজারমূল্য ৪০ লক্ষ টাকা। তবে স্ত্রীর নামে কোনও কৃষি জমি নেই। তবে রিঙ্কু মজুমদার ২০১৩ সালে উত্তর ২৪ পরগনার রাজারহাটে ১৩০৭ স্কোয়ার ফুটের একটি অ্যাপার্টমেন্ট কেনেন। সেইসময় দাম পড়েছিল ৬ লক্ষ টাকা। বর্তমানে যার বাজারমূল্য ৪০ লক্ষ টাকা।

নিজের বাসভবন হিসেবে ঝাড়গ্রামের কুলিয়ানা গ্রামের বাড়ি ও কলকাতা লেদার কমপ্লেক্স এলাকায় নিজের ফ্ল্যাটের ঠিকানা দিয়েছেন দিলীপ ঘোষ। তাঁর ফ্ল্যাটটি ৩ হাজার ৪৮৩ স্কোয়ার ফুটের। ফ্ল্যাটটি ২০২২ সালের জানুয়ারিতে তিনি কেনেন। সেইসময় দাম পড়েছিল ৯৯ লক্ষ টাকা। যার বর্তমান বাজারমূল্য ১ কোটি ৪২ লক্ষ ৪৫ হাজার ৫৮৯ টাকা। অন্যদিকে, রাজারহাটে রিঙ্কু মজুমদারের একটি ফ্ল্যাট রয়েছে। ২০১৭ সালে ৭ লক্ষ ৭৫ হাজার টাকায় কিনেছিলেন। যার বর্তমান বাজারমূল্য ৩০ লক্ষ টাকা।

হলফনামায় দিলীপ জানিয়েছেন, তাঁর স্থাবর সম্পত্তির বর্তমান বাজারমূল্য ১ কোটি ৮৫ লক্ষ ৪৫ হাজার ৫৮৯ টাকা। আর তাঁর স্ত্রীর স্থাবর সম্পত্তির বর্তমান বাজারমূল্য ৭০ লক্ষ টাকা। নিজের পেশা হিসেবে হলফনামায় দিলীপ জানিয়েছেন, তিনি বিজেপির হোলটাইমার। আর তাঁর স্ত্রীর ব্যবসা রয়েছে। লোকসভার প্রাক্তন সাংসদ ও প্রাক্তন বিধায়ক হিসেবে প্রাপ্ত পেনশনকে নিজের আয়ের উৎস হিসেবে দেখিয়েছেন।

Follow Us