Kolkata Airport: বাথরুমে রাখা ছোট্ট চিরকুট, তাতেই তীব্র আতঙ্ক IndiGo বিমানে! নামিয়ে দেওয়া হল যাত্রীদের, কলকাতা বিমানবন্দরে ভয়ঙ্কর কাণ্ড
Bomb Threat in IndiGo Flight: ইতিমধ্যেই বিমান থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছে এবং ভিতরে তন্নতন্ন করে তল্লাশি চালানো হচ্ছে। বিমানে বোমা রাখার খবর ছড়িয়ে পড়তেই কলকাতা বিমানবন্দরে চাঞ্চল্য ছড়িয়েছে। আতঙ্কিত হয়ে পড়েছেন বিমান যাত্রীরা।

কলকাতা: সাতসকালে কলকাতা বিমানবন্দরে তুমুল হইচই। ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক। ইতিমধ্যেই বিমান থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছে এবং ভিতরে তন্নতন্ন করে তল্লাশি চালানো হচ্ছে। বিমানে বোমা রাখার খবর ছড়িয়ে পড়তেই কলকাতা বিমানবন্দরে চাঞ্চল্য ছড়িয়েছে। আতঙ্কিত হয়ে পড়েছেন বিমান যাত্রীরা।
জানা গিয়েছে, কলকাতা থেকে শিলংগামী ৬ই-৭৩০৪ (6E-7304) বিমানে বোমাতঙ্ক ছড়ায়। ইন্ডিগোর ওই বিমানের ল্যাভরেটরি অর্থাৎ শৌচাগার থেকে একটি চিরকুট উদ্ধার হয়। বিমানের এক ক্রু ওই চিরকুট পান। ওই চিরকুট খুলতেই দেখা যায়, লেখা রয়েছে যে বিমানে বোমা রাখা আছে। এরপরই তুমুল আতঙ্ক ছড়ায়। বিমানের ক্রু সঙ্গে সঙ্গে বিমানবন্দর কর্তৃপক্ষকে খবর দেয়। একে একে যাত্রীদের বিমান থেকে নামানো হয়।
এরপর বিমানটিকে সতর্কতাবশে আলাদা বে-তে সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং গোটা বিমানে তল্লাশি শুরু করা হয়। এখনও তল্লাশি চলছে। শিলংগামী ইন্ডিগোর বিমানটি দুপুর একটা দশ মিনিট নাগাদ কলকাতা থেকে শিলং এর উদ্দেশ্যে যাত্রা করবে, এমনটাই কলকাতা বিমানবন্দর সূত্র মারফত খবর।
