
পূর্ব মেদিনীপুর: বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইঞার খুনে এনআইএ তদন্তের বিষয়ে সিদ্ধান্ত নিতে কেন্দ্রের উপর চরম বিরক্ত হাইকোর্ট। কেন্দ্রের মতামত জানানোর জন্য ফের মামলা পিছিয়ে দেওয়ার জন্য সময় চাওয়ায় বিচারপতি জয় সেনগুপ্তর রোষে কেন্দ্র। বিচারপতির প্রশ্ন, “কবে কেন্দ্র নিজেদের অবস্থান জানাবে? তার জন্য কি রোজ মামলাটা তালিকায় রাখবে?” বিচারপতি আরও বলেন, “এএসজি-কে ডাকার পরেও তিনি উপস্থিত হচ্ছেন না। ওঁর কি মামলাটার গুরুত্ব নেই কোন হচ্ছে? আপনাদের মনে হচ্ছে আদালতের প্রচুর সময়?” বিচারপতির প্রশ্ন, ওই একটা মামলায় কখন কেন্দ্র তার মত জানাবে, তার জন্য অপেক্ষায় রোজ মামলা ডাকবে? শুক্রবারই দুপুর দু’টোয় কেন্দ্রকে জানাতে হবে, তারা এই তদন্ত এনআইএ-কে দেবে কিনা।
গত বছর মে মাসে পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইঞাকে খুনের অভিযোগ ওঠে। সেই মামলায় এনআইএ-কে যুক্ত করে হাইকোর্ট। বিচারপতি জয় সেনগুপ্ত গত ফেব্রুয়ারি মাসে এই নির্দেশ দেন। বিজেপি নেতা খুনের মামলায় এসডিপিও-কে তদন্তের নির্দেশ দিয়েছিলেন উচ্চ আদালতের বিচারপতি রাজাশেখর মান্থা। সে সময় শুনানিতে ঘটনাস্থল থেকে বোমা পাওয়ার কথা স্বীকার করেছিল রাজ্য। কিন্তু চার্জশিটে অবশ্য সে কথা উল্লেখ ছিল না। একই সঙ্গে একাধিক অভিযুক্তদের নামও বাদ দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। তারপরই বিচারপতি সেনগুপ্ত জরুরি ভিত্তিতে এনআইএ-কে মামলায় যুক্ত করার নির্দেশ দেন।