Calcutta High Court: ‘আপনার ব্যাঙ্ক একটু বেশি আগ্রহী ওঁকে দেখার জন্য’, অভিষেকের মামলায় ব্যাঙ্ককে ভর্ৎসনা হাইকোর্টের
Abhishek Banerjee Case: সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে চোখের চিকিৎসা করানোর অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। দেশের সর্বোচ্চ আদালত একাধিক শর্ত আরোপ করে সেই নির্দেশও দিয়েছে। এরপরই অভিষেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায় বলে অভিযোগ।

কলকাতা: সুপ্রিম কোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) বিদেশযাত্রার অনুমতি দেওয়ার পর তৈরি হয় নতুন সঙ্কট। ফ্রিজ হয়ে যায় সাংসদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। বৃহস্পতিবার সেই মামলায় ব্যাঙ্ক কর্তৃপক্ষকে ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সব ক্ষেত্রেই যখন অনলাইনেই কেওয়াইসি আপডেট হয়, তখন এ ক্ষেত্রে কেন অভিষেককে সশরীরে যাওয়ার কথা বলা হচ্ছে? প্রশ্ন তুললেন বিচারপতি কৃষ্ণা রাও। আজই বাড়ি গিয়ে কেওয়াইসি আপডেট করার নির্দেশ দিয়েছে আদালত।
ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১০৭ ধারা প্রয়োগ ছাড়াই কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হতে পারে? সেই প্রশ্ন উঠেছিল আগের শুনানিতে। বিচারপতি রাও জানতে চেয়েছিলেন, কোনও তদন্ত চলছে কি না। তবে অভিষেকের আইনজীবী জানিয়েছিলেন, তাঁর মক্কেল আদালতের নির্দেশ মতো তদন্ত সহযোগিতা করছেন। তার সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার কোনও সম্পর্ক নেই। ব্যাঙ্ককে নোটিস দেওয়ার কথা বলেছিল আদালত। আজ ছিল, সেই মামলার শুনানি।
কেন অ্যাকাউন্ট ফ্রিজ? কী বলল ব্যাঙ্ক?
অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য এদিন জানান, অভিষেকের ডেবিট কার্ড ব্লক করা হয়েছে, অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গিয়েছে। আইনজীবী জানান, শীর্ষ আদালত বিদেশযাত্রার অনুমতি দিয়েছে। ২০১৭ থেকে এই অ্যাকাউন্ট রয়েছে। হঠাৎ নোটিস না দিয়েই অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে।
ব্যাঙ্ক কর্তৃপক্ষ এদিন আদালতে জানায়, অভিষেকের অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট করতে গিয়ে ব্যাঙ্ক দেখে, একাধিক মামলা রয়েছে। আধার চেক করতে গিয়েই এটা চোখে পড়ে বলে দাবি ব্যাঙ্কের। তাই ব্যাঙ্কের বক্তব্য, অভিষেককে কেওয়াইসি আপডেট করাতে সশরীরে যেতে হবে।
আপনার ব্যাঙ্ক একটু বেশি আগ্রহী ওঁকে দেখার জন্য: বিচারপতি
বিচারপতি কৃষ্ণা রাও ব্যাঙ্ককে বলেন, “আপনার ব্যাঙ্ক একটু বেশি আগ্রহী ওঁকে দেখার জন্য। ওঁর মুখ দেখতে চায়? যেখানে অনলাইনে সরকার সব করে দিচ্ছে, সেখানে বেসরকারি ব্যাঙ্ক সশরীরে ডাকছে? মনে হচ্ছে খুব আগ্রহ আপনাদের। চিঠি যে ভাষায় লেখা হয়েছে, সেই ভাষায় কি লেখেন? কবে সমাধান করবেন? যা ডকুমেন্টস লাগে এখানেই দিয়ে দিন।”
ব্যাঙ্কের তরফে বলা হয়, প্রসেস শুরু করা হয়েছে। কিন্তু মামলার গ্রহণযোগ্যতা আছে কি না, প্রশ্ন তোলে ব্যাঙ্ক। আরও তথ্য নিয়ে আদালতে হাজির হওয়ার কথা বলা হয় ব্যাঙ্ককে।
বাড়ি গিয়ে KYC করার নির্দেশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্ট চালু করতে তাঁর বাড়িতে গিয়ে KYC করার নির্দেশ দিলেন বিচারপতি কৃষ্ণা রাও। ব্যঙ্ক জানায় KYC বাড়িতেই করে নেওয়া হবে। আজ, বৃহস্পতিবারই যেতে পারেন কর্মীরা। ব্যঙ্কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানান অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য। তবে সে ক্ষেত্রে হস্তক্ষেপ করেনি আদালত।
আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এবং KYC form-সহ প্রয়োজনীয় নথি অভিষেককে দিতে হবে। আগামী সোমবার মামলার শুনানি রয়েছে।
