HC On Flat Buying: ‘এখন থেকে দলিলে উল্লেখ না থাকলে দাবি খাটবে না’, ফ্ল্যাট কেনার ক্ষেত্রে বড় নির্দেশ হাইকোর্টের
HC On Flat: গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ-সহ এক ফ্ল্যাট মালিকের দায়ের করা রিট পিটিশন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি পার্থসারথি সেনের একক বেঞ্চ জানিয়েছে, আবেদনকারী এটা প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন যে, ওই গাড়ি পার্কিংয়ের জায়গাটি ফ্ল্যাটের একটি অবিচ্ছেদ্য অংশ ছিল অথবা রেজিস্টার্ড বিক্রয় দলিলের মাধ্যমে তাঁকে তা হস্তান্তর করা হয়েছিল।

কলকাতা: ফ্ল্যাট কিনলেই তার সঙ্গে গাড়ি পার্কিংয়ের জায়গার অধিকার নিজে থেকে ক্রেতার হয়ে যায় না। বিক্রয় দলিলে অর্থাৎ ডিডে স্পষ্টভাবে উল্লেখ না থাকলে, ফ্ল্যাটের মালিকানা পেলেও পার্কিংয়ের জায়গার ওপর কোনও আইনি দাবি খাটে না। এমনই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ-সহ এক ফ্ল্যাট মালিকের দায়ের করা রিট পিটিশন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি পার্থসারথি সেনের একক বেঞ্চ জানিয়েছে, আবেদনকারী এটা প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন যে, ওই গাড়ি পার্কিংয়ের জায়গাটি ফ্ল্যাটের একটি অবিচ্ছেদ্য অংশ ছিল অথবা রেজিস্টার্ড বিক্রয় দলিলের মাধ্যমে তাঁকে তা হস্তান্তর করা হয়েছিল।
মামলাকারী শ্রাবণ কুমার আগরওয়াল গল্ফ গ্রিন আর্বান কমপ্লেক্সে ‘৩এ’ (3A) নম্বর ফ্ল্যাটটি জয়ন্ত কুমার বসু এবং অনিতা বসুর কাছ থেকে কিনেছিলেন। ১৯৯৩ সালের ৩০ মার্চ একটি রেজিস্টার্ড দলিলের মাধ্যমে ফ্ল্যাটটির মালিকানা হস্তান্তর হয়। ওই দিনই পূর্বতন মালিকরা একটি পৃথক চিঠিতে শ্রাবণকে আশ্বস্ত করেছিলেন যে, পশ্চিমবঙ্গ হাউজিং বোর্ডের কাছ থেকে পার্কিংয়ের জায়গার বরাদ্দ পেলেই তাঁরা সেটি তাঁকে হস্তান্তর করবেন।
এর আগে ১৯৯২ সালের নভেম্বরে বসু দম্পতি হাউজিং বোর্ডের কাছে পার্কিংয়ের জন্য আবেদন করে ৭ হাজার টাকা জমা দিয়েছিলেন। ১৯৯২ সালের ডিসেম্বরে বোর্ড প্রথমে ‘বিজি-৩’ এবং পরে ১৯৯৭ সালের ২৯ অক্টোবর ‘বিজি-৯’ নম্বর পার্কিং স্পেস জয়ন্ত কুমার বসুর নামে বরাদ্দ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু পরবর্তীতে ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর হাউজিং বোর্ড একটি মেমোরেন্ডাম জারি করে ১৯৯৭ সালের সেই বরাদ্দ বাতিল করে দেয়। বোর্ডের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বর্তমান ফ্ল্যাট মালিক শ্রাবণ কুমার আগরওয়াল।
আবেদনকারীর আইনজীবী সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২ -এর ৮ নম্বর ধারার উল্লেখ করে সওয়াল করেন যে, ফ্ল্যাট কেনার সঙ্গে সঙ্গেই পূর্বতন মালিকদের প্রাপ্য পার্কিংয়ের অধিকারও বর্তমান মালিকের ওপর বর্তায়। এমনকি প্রয়োজনীয় মূল্য, স্ট্যাম্প ডিউটি ও রেজিস্ট্রেশন ফি দিতেও রাজি ছিলেন আবেদনকারী।
পাল্টা সওয়ালে হাউজিং বোর্ড জানায়, ১৯৯৩ সালে ফ্ল্যাট বিক্রির যে রেজিস্টার্ড দলিল হয়েছিল, তাতে গাড়ি পার্কিংয়ের কোনও উল্লেখই ছিল না। ফলে শুধুমাত্র ফ্ল্যাট কেনার ভিত্তিতে তিনি পৃথকভাবে পার্কিংয়ের দাবি করতে পারেন না।
উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি পার্থসারথি সেন লক্ষ্য করেন, ১৯৯৩ সালের বিক্রয় দলিলের সিডিউলে কোনও গাড়ি পার্কিংয়ের জায়গার উল্লেখ নেই। আদালত স্পষ্ট জানায়:
-
সম্পত্তি হস্তান্তর আইনের ৮ নম্বর ধারা অনুযায়ী সম্পত্তির সঙ্গে যুক্ত আইনি অধিকার হস্তান্তরিত হলেও, এক্ষেত্রে পার্কিং স্পেসটি যে ফ্ল্যাটের অবিচ্ছেদ্য অংশ ছিল, তা প্রমাণ করতে পারেননি আবেদনকারী।
-
হাউজিং বোর্ড পূর্বতন মালিকদের নামে পার্কিং বরাদ্দ করার সিদ্ধান্ত নিলেও, শেষ পর্যন্ত তার কোনও দলিল বা হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়নি। ফলে বরাদ্দ বাতিল হলে পূর্বতন মালিকরাই ক্ষতিগ্রস্ত পক্ষ হতে পারেন, বর্তমান ফ্ল্যাট মালিক নন।
-
যেহেতু পূর্বতন মালিকরাই কখনও পার্কিংয়ের মালিকানা পাননি এবং বর্তমান মালিকের দলিলেও এর কোনও উল্লেখ নেই, তাই স্বয়ংক্রিয়ভাবে তা হস্তান্তরের প্রশ্নই ওঠে না।
