Mamata Banerjee: রাষ্ট্রপতি বিতর্কের মাঝেই জনজাতি-ওবিসি নিয়ে মমতার বড় পদক্ষেপ
Cultural and Development Boards: তৃণমূল সরকারের লক্ষ্যের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী লেখেন, "মা, মাটি, মানুষের জন্য আমাদের দায়বদ্ধতার অর্থ, কোনও সম্প্রদায় যেন পিছিয়ে না থাকে। আমাদের লক্ষ্য খুবই সাধারণ, সামগ্রিক উন্নয়নের মাধ্যমে সবার মুখে হাসি ফোটানো।"

কলকাতা: দোরগোড়ায় বিধানসভা নির্বাচন। নির্ঘণ্ট ঘোষণা না হলেও ময়দানে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। আবার বাংলা সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ‘অসম্মানের’ অভিযোগ ঘিরে তরজা অব্যাহত। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, খুব দ্রুত রাজ্য সরকার পাঁচটি নতুন সাংস্কৃতিক ও উন্নয়ন বোর্ড গঠন করতে চলেছে। শুক্রবার এক্স হ্যান্ডলে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
মমতা জানালেন, মুন্ডা(এসটি), কোরা (এসটি), ডোম(এসসি), কুম্ভকার(ওবিসি) এবং সদগোপ(ওবিসি) জনগোষ্ঠীর জন্য বোর্ড গঠন করা হবে। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ওই বোর্ডগুলি ওই জনগোষ্ঠীগুলির নিজস্ব ভাষা এবং ঐতিহ্যকে রক্ষা করবে। তেমনই শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানের উন্নতির বিষয়টিও দেখবে। এরপরই এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, “২০১৩ সাল থেকে আমাদের সমাজের দুর্বল সম্প্রদায়ের জন্য এমন অনেক বোর্ড গঠন করা হয়েছে। ওই সম্প্রদায়গুলির সামগ্রিক উন্নয়নের জন্য এই বোর্ড গঠন করা হয়েছে।”
তৃণমূল সরকারের লক্ষ্যের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী লেখেন, “মা, মাটি, মানুষের জন্য আমাদের দায়বদ্ধতার অর্থ, কোনও সম্প্রদায় যেন পিছিয়ে না থাকে। আমাদের লক্ষ্য খুবই সাধারণ, সামগ্রিক উন্নয়নের মাধ্যমে সবার মুখে হাসি ফোটানো।”
মমতার এই ঘোষণাকে ঘিরে নানা জল্পনা শুরু হয়েছে। কয়েকদিন আগে বাংলা সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ‘অসম্মানের’ অভিযোগ ঘিরে শাসকদলকে তোপ দেগে চলেছে বিজেপি। আদিবাসী সমাজকে টেনে এনেছে গেরুয়া শিবির। তখন পাল্টা রাজ্যের শাসকদল আদিবাসীদের উন্নয়নে সরকার কী কী পদক্ষেপ করেছে, তা তুলে ধরছে। আর তা জানাতেই রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চেয়েছে তৃণমূলের প্রতিনিধি দল। কিন্তু, রাষ্ট্রপতি এখনও সময় দেননি। এদিকে, চলতি বছরের জানুয়ারির শুরুতে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর সর্বভারতীয় মতুয়া মহামণ্ডলের সদস্যদের নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছিলেন। রাষ্ট্রপতিকে ‘মতুয়া উন্নয়ন বোর্ড’ গঠনের অনুরোধ জানিয়েছিলেন তিনি।
এই আবহে পাঁচটি জনগোষ্ঠীর জন্য সাংস্কৃতিক ও উন্নয়ন বোর্ড গঠন করা হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। পাঁচটি জনগোষ্ঠীর মধ্যে মুন্ডা ও কোরা জনগোষ্ঠীর মানুষ তফসিলি জনজাতিভুক্ত। ডোম তফসিলি জাতিভুক্ত। আর কুম্ভকার ও সদগোপ অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ভুক্ত। রাজনীতির কারবারিরা বলছেন, পিছিয়ে পড়া সম্প্রদায়ের উন্নয়নের জন্য রাজ্য সরকার যে সর্বদা সচেষ্টা, ভোটের আগে সেই বার্তাই দিতে চাইলেন মমতা।
