CPIM Book Stall Vandalized: এবার এন্টালিতে সিপিএমের বুকস্টল ‘ভাঙচুর’, প্রাক্তন মন্ত্রীকে মারধরের অভিযোগ
Entally CPIM Book Stall Allegedly Attacked: অভিযোগ, এন্টালির ৫৬ নম্বর ওয়ার্ডে সিপিএমের বুকস্টলে হামলা চালায় একদল দুষ্কৃতী। ভাঙচুরের পর বই মাটিতে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। সেখানে উপস্থিত সিপিএম নেতা-কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে উপস্থিত প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী দেবেশ দাসও আক্রান্ত হন বলে অভিযোগ।

কলকাতা: কাঁচরাপাড়ার পর এবার কলকাতার এন্টালি। পুজোর মুখে ফের সিপিএমের (CPIM) বুকস্টলে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠল। অভিযোগ, বুকস্টল (CPIM Book Stall Attacked) ভাঙচুরের পাশাপাশি দলের নেতা-কর্মীদের মারধর করা হয়েছে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন বিধায়ক দেবেশ দাসকে মারধরের অভিযোগ উঠেছে। সিপিএমের অভিযোগ একবার নয়, দুইবার হামলা চালানো হয়েছে। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ সিপিএমের।
বুকস্টলে হামলা, আক্রান্ত প্রাক্তন মন্ত্রী
অভিযোগ, এন্টালির ৫৬ নম্বর ওয়ার্ডে সিপিএমের বুকস্টলে হামলা চালায় একদল দুষ্কৃতী। ভাঙচুরের পর বই মাটিতে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। সেখানে উপস্থিত সিপিএম নেতা-কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে উপস্থিত প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী দেবেশ দাসও আক্রান্ত হন বলে অভিযোগ। সিপিএমের অভিযোগ, বিজেপি নেতা সুরাজ কুমার সিং এবং তাঁর অনুগামীরাই এই হামলার নেপথ্যে রয়েছেন।
শুধু একবার নয়, একই দিনে দু’দফায় হামলার অভিযোগ উঠেছে। বিকেলের দিকেও স্থানীয় সিপিএম কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় মেডিক্যাল রিপোর্ট-সহ থানায় এফআইআর করা হয় বলে দাবি সিপিএমের। তারপরও ফের সন্ধেবেলায় হামলার চালানো হয় বলে অভিযোগ। এই নিয়ে বিজেপির তরফ কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
কাঁচরাপাড়াতেও বুকস্টলে আগুন
এন্টালির ঘটনার আগে উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়াতেও সিপিএমের বুকস্টলে হামলার অভিযোগ উঠেছিল। কাঁচরাপাড়ার চারাপোল এলাকায় রাতের অন্ধকারে সিপিএমের বুকস্টল ভাঙচুর এবং আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। নোয়াপাড়াতেও বুকস্টল ভেঙে দেওয়ার অভিযোগ করেন সিপিএম নেত্রী গার্গী চট্টোপাধ্যায়। এর আগে ঢাকুরিয়াতেও বামেদের বুকস্টলে ভাঙচুরের অভিযোগ সামনে এসেছিল।
যদিও অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি। দলের ব্যারাকপুর সাংগঠনিক জেলার সহ-সভাপতি প্রিয়াংগু পাণ্ডের পাল্টা দাবি, সিপিএম নিজেরাই বুকস্টলে আগুন লাগিয়ে এবং ভাঙচুর করে বিজেপির বদনাম করার চেষ্টা করছে। গোটা ঘটনাকে নাটক বলেও কটাক্ষ করেন তিনি।
