Cyclone Akvan Latest Update: ভেঙে দু’টুকরো ‘আকভান’! শেষবেলায় বাংলার বিপদ বাড়াল ঘূর্ণিঝড়, এই জেলাগুলিতে বিশেষ সতর্কবার্তা
Cyclone Akvan Heavy Rain in West Bengal: তীব্র নয়, সাধারণ ঘূর্ণিঝড় হিসেবে ল্যান্ডফল করবে আকভান। এর জেরে ওড়িশার উপকূলীয় এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে আজ দিনভর। ঝেঁপে বৃষ্টি শুরু হয়েছে, বইছে ঝড়। ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা ওড়িশায়।

কলকাতা: আকভান ‘ভেঙে’ খান খান! শেষবেলায় বাংলার জন্য বাড়ল বিপদ। ঘূর্ণিঝড় আকভানের (Cyclone Akvan) প্রভাবে বৃহস্পতিবার থেকেই বৃষ্টি শুরু হয়েছে রাজ্যে। যেহেতু ওড়িশায় (Odisha) ল্যান্ডফল হবে এই ঘূর্ণিঝড়ের, তাই সেখানে তুমুল বৃষ্টি হচ্ছে আগে থেকেই। আজ দুপুরেই ল্যান্ডফল হওয়ার কথা। তার আগেই অন্য আপডেট দিল হাওয়া অফিস। আকভান ‘ভেঙে’ টুকরো হল!
ঘূর্ণিঝড় কীভাবে ভেঙে যাবে, ভাবছেন? আসলে ঘূর্ণিঝড়ের মেঘপুঞ্জ ভেঙে ‘দু’টুকরো’ হয়ে গিয়েছে। আর এখানেই বাংলার শিয়রে সংক্রান্তি! কারণ ওড়িশায় ঘূর্ণিঝড় হলেও, অর্ধেক মেঘ ঢুকে পড়ছে দক্ষিণবঙ্গের দুয়ারে। এর জেরে বাংলার উপকূল ও লাগোয়া অঞ্চলে প্রবল বৃষ্টির সম্ভাবনা। ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে মৌসম ভবন।
কেন ভাঙল মেঘপুঞ্জ?
মেঘপুঞ্জ ভাঙার পিছনে রয়েছে ‘হাই উইন্ড শিয়ার’। বায়ুমণ্ডলের নীচে-উপরে বায়ুর গতিবেগ ও অভিমুখে বড় পার্থক্য হলে এই ঘটনা ঘটে। এর জেরে ঘূর্ণিঝড় দ্রুত দুর্বল হলেও, বৃষ্টির বিপদ থেকে যাচ্ছে বাংলায়।
এখন কী অবস্থান আকভানের?
মৌসম ভবনের আপডেট বলছে, শেষবেলায় নিজের গতি বাড়িয়েছে ঘূর্ণিঝড় আকভান। দুপুরের আগেই ল্যান্ডফল হবে ঘূর্ণিঝড়ের। ইতিমধ্যেই ল্যান্ডফলের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ওড়িশার গোপালপুরে ল্য়ান্ডফল হবে। ইতিমধ্যে গোপালপুরের উপকূল ছোঁয়া শুরু করেছে আকভান, সেখানে উত্তাল হয়ে গিয়েছে সমুদ্র। ক্রমাগত মাইকিং চলছে।
জানা গিয়েছে, তীব্র নয়, সাধারণ ঘূর্ণিঝড় হিসেবে ল্যান্ডফল করবে আকভান। এর জেরে ওড়িশার উপকূলীয় এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে আজ দিনভর। ঝেঁপে বৃষ্টি শুরু হয়েছে, বইছে ঝড়। ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা ওড়িশায়। গোপালপুরে এখনও পর্যন্ত ১৬৬ মিমি এবং পুরীতে ৭৩ মিমি বৃষ্টি হয়েছে। পুরীতে আজও বন্ধ সমুদ্রসৈকত।
বাংলার কোথায় কোথায় বৃষ্টি?
ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতা, হাওড়া, হুগলিতে এই মুহূর্তে কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে আজ দিনভর দুর্যোগ চলবে। সময় যত এগোবে, ততই বৃষ্টি বাড়বে। প্রবল বৃষ্টিতে জলমগ্ন হওয়ার আশঙ্কা শহরের একাধিক জায়গা।
আজ ৫ জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস। অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে।অতি ভারী বৃষ্টি হবে ঝাড়গ্রাম ও বাঁকুড়াতেও।
একদিনে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা। আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা, হুগলি, হাওড়ায়। ভারী বৃষ্টি হবে উত্তর ২৪ পরগনা, পুরুলিয়ায়। শনিবারের পর বৃষ্টি কমলেও, পুরোপুরি মুক্তি মিলবে না। সোমবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
জল জমতে পারে কলকাতায়-
কলকাতা ও শহরতলিতে আজ ভারী বৃষ্টির সতর্কতা। ২৪ ঘণ্টায় ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। কখনও ঘণ্টায় ২০-৩০ মিলিমিটার বৃষ্টির আভাস দেওয়া হয়েছে। লাগাতার বৃষ্টির জেরে শহর ও শহরতলির নিচু এলাকায় জল জমার আশঙ্কা। প্রয়োজনে আন্ডারপাস বন্ধ রাখার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস।
