
কলকাতা: রেল পরিষেবা আধুনিকীকরণে নানা পদক্ষেপ করছে রেলওয়ে। কিন্তু, বিভিন্ন স্টেশনে যত্রতত্র পান-গুটখার পিক, নোংরা আবর্জনা দেখা যায়। স্টেশন পরিষ্কার রাখতে কি রেল কোনও ব্যবস্থা নেয় না? এই প্রশ্ন প্রায়ই ওঠে। এবার তথ্য তুলে ধরে পূর্ব রেল জানাল, কীভাবে স্টেশন চত্বর নোংরা হয়। রেলের তরফে স্টেশন সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করা হলেও একশ্রেণির যাত্রীরা যত্রতত্র পান-গুটখার পিক এবং নোংরা ফেলে স্টেশনকে অপরিষ্কার করে রাখেন।
রেলের তরফে জানানো হয়েছে, ২০২৫ সালে পূর্ব রেলের স্টেশনগুলিতে নোংরা করার ঘটনায় ৭১ হাজারের বেশি জনকে জরিমানা করা হয়েছে। রেল জানিয়েছে, স্টেশনগুলিতে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি বজায় রাখার লক্ষ্যে, পূর্ব রেল ২০২৫ সাল জুড়ে আবর্জনা কিংবা নোংরা করার বিরুদ্ধে নিরবচ্ছিন্ন ও নিবিড় অভিযান চালিয়েছে। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়কালে, আরপিএফ কর্মীরা পূর্ব রেলের সমস্ত ডিভিশনের অধীনে থাকা স্টেশন চত্বরগুলিতে নিয়মিত নজরদারি চালিয়েছেন। এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল, ভারতীয় রেলের বৃহত্তর পরিচ্ছন্নতা উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে যাত্রীদের জন্য একটি নির্মল, নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যময় পরিবেশ নিশ্চিত করা।
আর এই নজরদারি চালাতে গিয়েই ২০২৫ সালে স্টেশন চত্বর নোংরা করার ঘটনায় মোট ৭১,১৮০ জন ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। অভিযুক্ত সকল ব্যক্তিকে রেলওয়ে আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে। স্টেশন এবং তৎসংলগ্ন এলাকাগুলোতে যত্রতত্র আবর্জনা ফেলার প্রবণতা রোধ করতে আরপিএফ চব্বিশ ঘণ্টা সতর্ক দৃষ্টি রেখেছিল। রেলওয়ে প্রাঙ্গণে পরিচ্ছন্নতা বজায় রাখার গুরুত্ব সম্পর্কে যাত্রীদের সচেতন করতে ঘনঘন ঘোষণা, সচেতনতা অভিযান গ্রহণ করা হয়েছিল।
যাত্রীদের বার্তা দিয়ে পূর্ব রেল বলছে, পরিচ্ছন্নতা একটি যৌথ দায়িত্ব। যাত্রীরা যেন রেল কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করেন এবং রেলস্টেশন নোংরা করা থেকে বিরত থাকেন। নোংরা জিনিসপত্র ডাস্টবিনে ফেলার অনুরোধ জানিয়েছে রেল।