Ritabrata on Firhad: ফিরহাদ এখন কাদের সঙ্গে? প্রশ্ন শুনেই ঋতব্রত বললেন…
Ritabrata comments on speculation surrounding Firhad’s position: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য প্রসঙ্গে ঋতব্রত বলেন, "আমি ও সন্দীপন আমরা সমষ্টির প্রতিনিধিত্ব করছি। সুতরাং ব্যক্তিগত মতামত নিয়ে আমাদের আগ্রহ নেই। ব্যক্তিগত একটা ঘটনা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে উনি একটা মন্তব্য করেছেন। আমাদের কাছে যে বিষয়টা মনে হয়েছে, আমরা সমষ্টিগতভাবে যে কথাটা অনেকদিন ধরে বলছি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগতভাবে সেই কথাগুলো বলেছেন।"

কলকাতা: ফিরহাদ হাকিমের অবস্থান কী? তিনি কি এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন? নাকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের ‘নব তৃণমূল ব্লকে’ যোগ দিয়েছেন? কলকাতা বন্দরের বিধায়ক তথা কলকাতা পৌরনিগমের প্রাক্তন মেয়রকে নিয়ে জল্পনার শেষ নেই। বৃহস্পতিবার বিধানসভায় আসার কথা থাকলেও আসেননি তিনি। ফিরহাদের অবস্থান নিয়ে কী বলছেন বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়?
শুক্রবার বিধানসভায় শপথ নিলেন দুই বিধায়ক। ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পণ্ডা এবং চণ্ডীতলার তৃণমূল বিধায়ক স্বাতী খন্দকার। দুই বিধায়কের শপথ অনুষ্ঠানে এসেছিলেন ‘নব তৃণমূল ব্লকের’ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা। সেই শপথ অনুষ্ঠানের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হল ঋতব্রত ও সন্দীপন। সেখানেই একাধিক প্রশ্নের উত্তর দিলেন ঋতব্রত।
‘নব তৃণমূল ব্লকে’ বিক্ষুব্ধ বিধায়কদের সংখ্যা বাড়বে?
ঋতব্রত বলেন, “সংখ্যা বাড়বে কি না, সেটা সোমবার বলতে পারব। মঙ্গলবার বলতে পারব। নম্বর বাড়লে অবশ্যই সংবাদমাধ্যমকে জানিয়ে দেব। সোম-মঙ্গলে কী হবে, এখন বলতে পারব না।”
স্বাতী খন্দকার কি আপনাদের সঙ্গে রয়েছে?
প্রশ্ন শুনেই ঋতব্রত বলেন, “আজকে দু’জন বিধায়ক শপথ নিয়েছেন। একজন বিজেপির দেবাংশু পণ্ডা আর অন্যজন আমাদের স্বাতী খন্দকার। যেহেতু আমাদের বিধায়ক, তাই আমি ও সন্দীপন শপথ গ্রহণে ছিলাম।” এরপরই তিনি বলেন, “আমরাই তো এখানে মূল ফোর্স। দুই-তৃতীয়াংশের বেশি বিধায়কের সমর্থন। আমার এটা নৈতিক দায়িত্ব। আমাদের ব্লককে সমর্থন করছেন কি না, তার সঙ্গে এটার কোনও সম্পর্ক নেই।”
ফিরহাদ হাকিম কি আপনাদের ব্লকে যোগ দিয়েছেন নাকি যোগ দেবেন?
এই নিয়ে ঋতব্রত বলেন, “আমি ব্যক্তি সম্পর্কে বলব না। আমি সংখ্যায় যাব। আমি ও সন্দীপন ছাড়া এবং যাঁদের কথা বলেছি, তাঁদের ছাড়া কারও কথা বলব না। যখন বিধানসভার অধিবেশন হবে, তখন দেখা যাবে।” প্রসঙ্গত, গত ৮ জুন বিধানসভায় এসেছিলেন ফিরহাদ। তখন সন্দীপন সাহা তাঁর হাত ধরে বিরোধী দলনেতা ঋতব্রতর ঘরে নিয়ে গিয়েছিলেন। ঘণ্টাখানেক সেখানে ছিলেন ফিরহাদ। ফলে তাঁকে নিয়ে জল্পনা বাড়ে। গতকাল বিধানসভায় যাওয়ার কথা থাকলেও যাননি ফিরহাদ।
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য প্রসঙ্গে ঋতব্রত বলেন, “আমি ও সন্দীপন আমরা সমষ্টির প্রতিনিধিত্ব করছি। সুতরাং ব্যক্তিগত মতামত নিয়ে আমাদের আগ্রহ নেই। ব্যক্তিগত একটা ঘটনা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে উনি একটা মন্তব্য করেছেন। আমাদের কাছে যে বিষয়টা মনে হয়েছে, আমরা সমষ্টিগতভাবে যে কথাটা অনেকদিন ধরে বলছি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগতভাবে সেই কথাগুলো বলেছেন।”

এদিন বিধানসভায় স্বাতী খন্দকার
প্রসঙ্গত, চণ্ডীতলা আসনের জয়ী তৃণমূল প্রার্থী স্বাতী খন্দকারের শপথগ্রহণ দুর্ঘটনার কারণে পিছিয়ে গিয়েছিল। তাঁর পা ভেঙে যাওয়ায় গত ১৩ ও ১৪ মে অন্য বিধায়কদের সঙ্গে শপথ নিতে পারেননি তিনি। সেইসময় হাসপাতালে ভর্তি ছিলেন। এদিন দেবাংশু পণ্ডার সঙ্গে শপথ নিলেন।
