Buxa Tigress: বাংলা ছেড়ে ভিন রাজ্যে বাঘিনি, ফিরিয়ে আনতে কী ব্যবস্থা? এবার অসম যাচ্ছেন খোদ বনমন্ত্রী
Forest Minister on Buxa Tigress: জানা গিয়েছে, বক্সা থেকে বাঘিনি রাইমোনায় এসেছে। আর বক্সা থেকে রাইমনা অসমের এই জঙ্গলের দূরত্ব মাত্র ৪ কিলোমিটার। এই অবস্থায় কীভাবে দুই রাজ্যের বনদফতরের মধ্যে সমন্বয় ঘটিয়ে বাঘটিকে ফিরিয়ে আনা যায় এবং ভবিষ্যতের জন্য কী ব্যবস্থা নেওয়া যায়, তা নিয়ে অসম প্রশাসনের সঙ্গে উচ্চপর্যয়ের বৈঠক করতে চলেছেন এই রাজ্যের বনমন্ত্রী।

কলকাতা: বক্সা থেকে রাজ্যের সীমান্ত পেরিয়ে অসমে চলে গিয়েছে বিহারের বাঘিনি। এবার সেই বাঘিনিকে ফিরিয়ে আনতে অসমে যাচ্ছেন বনমন্ত্রী মনোজ কুমার ওঁরাও (Manoj Kumar Oraon)। জানা গিয়েছে, অসম প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন তিনি। কীভাবে বাঘিনিকে ফিরিয়ে আনা যায়, সেই বিষয় আলোচনা করতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে বলে খবর।
অসমে চলে গিয়েছে বাঘিনি
উল্লেখ্য, গত ২ অক্টোবর বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে তিন বছর বয়সি ওই বাঘিনিকে বক্সা টাইগার রিজার্ভের জঙ্গলে এনে ছাড়া হয়। বক্সায় বাঘের পরিবারের স্থায়ী বসবাস গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ নিয়েছিল রাজ্য সরকার। কেন্দ্রীয় বন ও পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বক্সার জঙ্গলে বাঘিনিটিকে ছাড়েন। কিন্তু, এক মাসের মধ্যেই বাংলার জঙ্গল ছেড়ে সীমান্ত পেরিয়ে ভিন রাজ্যে চলে যায় বাঘিনি।
কী বলছেন বনমন্ত্রী?
জানা গিয়েছে, বক্সা থেকে বাঘিনি রাইমোনায় এসেছে। আর বক্সা থেকে রাইমনা অসমের এই জঙ্গলের দূরত্ব মাত্র ৪ কিলোমিটার। এই অবস্থায় কীভাবে দুই রাজ্যের বনদফতরের মধ্যে সমন্বয় ঘটিয়ে বাঘটিকে ফিরিয়ে আনা যায় এবং ভবিষ্যতের জন্য কী ব্যবস্থা নেওয়া যায়, তা নিয়ে অসম প্রশাসনের সঙ্গে উচ্চপর্যয়ের বৈঠক করতে চলেছেন এই রাজ্যের বনমন্ত্রী।
মনোজ কুমার ওঁরাও বলেন, “আমি কাল অসম যাচ্ছি। আমরা সরেজমিনে তদন্ত করে দেখতে চাইছি। আমরা আধিকারিকরা অসমে রয়েছেন। আমিও যাব। অসম প্রশাসন আমাদের সাহায্য করছে। বাঘ নিশ্চিন্তে ঘোরাঘুরি করছে, শিকারও করছে। বেশি চিন্তা করার প্রয়োজন নেই। যদি সেরকম মনে হয় তাহলে বাঘটিকে ধরে বক্সাতে ছেড়ে দেব।”
