Partha Chatterjee: আদালতে গিয়েও এজলাসে পৌঁছতে পারলেন না পার্থ, জামিনে কী কী শর্ত দেওয়া হল?
SSC Recruitment Scam: এসএসসি গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের নামে অভিযুক্ত হিসাবে চার্জশিট জমা পড়ার পর আজ, বৃহস্পতিবার তাঁকে হাজিরার নির্দেশ দেয় বিশেষ সিবিআই আদালত। হাজিরা দিতে আদালত বিল্ডিংয়ের একতলায় উপস্থিত হলেও, পায়ের সমস্যার কারণে দোতলায় উপস্থিত হননি প্রাক্তন শিক্ষামন্ত্রী।

কলকাতা: আরও এক মামলায় জামিন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। এসএসসি গ্রুপ ডি (SSC Group D) মামলায় আজ আলিপুর বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। ৭০০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান পার্থ চট্টোপাধ্যায়। তবে দেওয়া হয়েছে বেশ কয়েকটি শর্ত।
এসএসসি গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের নামে অভিযুক্ত হিসাবে চার্জশিট জমা পড়ার পর আজ, বৃহস্পতিবার তাঁকে হাজিরার নির্দেশ দেয় বিশেষ সিবিআই আদালত। হাজিরা দিতে আদালত বিল্ডিংয়ের একতলায় উপস্থিত হলেও, পায়ের সমস্যার কারণে দোতলায় উপস্থিত হননি প্রাক্তন শিক্ষামন্ত্রী। সিঁড়ি দিয়ে উঠতে অপারগ, সেই মর্মে পার্থর আইনজীবী বিপ্লব গোস্বামী মেডিকেল রিপোর্ট জমা দেন আদালতে।
মেডিকেল রিপোর্ট গ্রহণ করে ভার্চুয়ালি আদালতের এক তলা থেকে শুনানিতে অংশ নেন পার্থ। এরপর মামলার শুনানি করে সাত হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়।
জামিনের শর্ত হিসেবে সিবিআই আদালতের বিচারক নির্দেশ দেন যে চিকিৎসা সংক্রান্ত কোনও কারণ ছাড়া পশ্চিমবঙ্গ ছেড়ে যেতে পারবেন না পার্থ চট্টোপাধ্যায়। তাঁকে পাসপোর্ট জমা দিতে হবে।
এছাড়া চার্জ গঠনের সময় আদালতে উপস্থিত থাকতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে। আদালতের শর্তে বলা হয়েছে, একই ধরনের অপরাধে যুক্ত থাকতে পারবেন না পার্থ। এছাড়া কাউকে ভয় দেখাতে পারবেন না।
