Dipsita Dhar rally: দীপ্সিতার সঙ্গে মিছিলে হাঁটলেন, সিপিএমকে সমর্থনের প্রশ্ন শুনেই বিজেপি ফেরত মেহতাব বললেন…
Mehtab Hossain Joins March with Dipsita Dhar: সোশ্যাল মিডিয়ায় দীপ্সিতা ধর লিখেছেন, উত্তর দমদম স্টেডিয়ামের বেহাল দশার পরিবর্তন করে স্পোর্টস কমপ্লেক্স গড়ে তোলার দাবিতে মিছিল। গতকাল সেই মিছিলের ছবিও দিয়েছেন তিনি। সেখানে মেহতাব হোসেনের ছবিও রয়েছে। ফেসবুকের ক্যাপশনে মাঠ বাঁচানোর মিছিল লিখে নিচে #Vote4left লিখেছেন। রাজনীতির কারবারিরা বলছেন, এই মিছিলের মাধ্যমেও যে বামেদের ভোটদানের আবেদন জানানো হয়েছে, তা স্পষ্ট।

কলকাতা: তিনি ভারতীয় জাতীয় দলের প্রাক্তন ফুটবলার। একসময় বিজেপিতেও যোগ দিয়েছিলেন। ভোটের বাংলায় সেই মেহতাব হোসেনকে দেখা গেল দমদম উত্তরের সিপিএম প্রার্থী দীপ্সিতা ধরের সঙ্গে মিছিলে হাঁটতে। তবে কি এবারের বিধানসভা নির্বাচনে বামেদের সমর্থন করছেন মেহতাব? টিভি৯ বাংলাকে কী বললেন তিনি?
সিপিএম প্রার্থী দীপ্সিতা ধরের সঙ্গে মিছিলে হাঁটার পর মেহতাবকে নিয়ে জল্পনা বেড়েছে। সিপিএম প্রার্থীকে তিনি সমর্থন করছেন কি না, এই প্রশ্ন করতেই প্রাক্তন ফুটবলার বললেন, “মাঠ বাঁচানোর লড়াইয়ের ডাক দিয়েছিল। তাই গিয়েছিলাম। দীপ্সিতা আমাকে আসতে বলেছিলেন। রাজনৈতিক প্রচার ছিল না। কোনও পার্টির পতাকা ছিল না। ইস্টবেঙ্গল আর মোহনবাগানের পতাকা ছিল।”
‘রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে চাই না’
সোশ্যাল মিডিয়ায় দীপ্সিতা ধর লিখেছেন, উত্তর দমদম স্টেডিয়ামের বেহাল দশার পরিবর্তন করে স্পোর্টস কমপ্লেক্স গড়ে তোলার দাবিতে মিছিল। গতকাল সেই মিছিলের ছবিও দিয়েছেন তিনি। সেখানে মেহতাব হোসেনের ছবিও রয়েছে। ফেসবুকের ক্যাপশনে মাঠ বাঁচানোর মিছিল লিখে নিচে #Vote4left লিখেছেন। রাজনীতির কারবারিরা বলছেন, এই মিছিলের মাধ্যমেও যে বামেদের ভোটদানের আবেদন জানানো হয়েছে, তা স্পষ্ট।
ফলে দীপ্সিতার সঙ্গে মিছিলে হাঁটার পর মেহতাবের রাজনৈতিক অবস্থান নিয়েও জল্পনা তৈরি হয়েছে। তবে তিনি যে এখন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে চান না, সেকথা স্পষ্ট করে দিলেন মেহতাব। দীপ্সিতার ফেসবুক ক্যাপশনের নীচে #vote4left লেখা প্রসঙ্গে মেহতাবের উত্তর, “সেটা তাঁর ব্যাপার, তিনি কী ক্যাপশন দেবেন। আমি ভালো আছি। আমি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে চাই না। ফুটবল খেলার সঙ্গে যুক্ত থাকতে চাই। তার জন্য কোচিং লাইসেন্সও করেছি।”
৬ বছর আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন মেহতাব-
২০২০ সালের ২১ জুলাই তৎকালীন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন মেহতাব। তবে ২৪ ঘণ্টার মধ্যে বিজেপি ছাড়েন তিনি। পরিবার ও বন্ধুবান্ধবরা তাঁর সিদ্ধান্তকে সমর্থন করছেন না জানিয়ে বিজেপি ছাড়েন। এবার ভোটের বাংলায় দীপ্সিতার সঙ্গে মিছিলে হাঁটা নিয়ে ফিসফাস শুরু হতেই রাজনীতিতে যোগদানের জল্পনা উড়িয়ে দিলেন প্রাক্তন ভারতীয় ফুটবল তারকা।
