Garden Reach Building Collapse: ‘অ্যাক্সিডেন্ট নয়, হিউম্যান ফেলিওর’, গার্ডেনরিচকাণ্ডে বললেন রাজ্যপাল
Garden Reach Building Collapse: রাজ্যপাল এদিন বলেন, সুপারভাইজিং অথরিটি তার দায়িত্ব ঠিক করে পালন করেনি। সরকার চাইলে এই অবৈধ নির্মাণ বন্ধ করতে পারে। রাজ্যপাল বলেন, "শীঘ্রই রাজভবনে নির্মাণ বিশেষজ্ঞদের নিয়ে বৈঠক হবে। আইআইটি খড়গপুর, হাডকো, সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউ-সহ একাধিক সংস্থা ও ক্রেডাইয়ের বিশেষজ্ঞদের থেকে পরামর্শ নেওয়া হবে। সেই বৈঠকের পরামর্শ সরকারকে দেওয়া হবে প্রয়োজনীয় অ্যাকশনের জন্য।"

কলকাতা: প্রথমে গার্ডেনরিচের ঘটনাস্থল, সেখান থেকে আহতদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন রাজ্যপাল। সেখান থেকে বেরিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, “এটা অ্যাক্সিডেন্ট নয়, হিউম্যান ফেলিওর।” তাঁর দাবি, সব দুর্ঘটনার পিছনেই হিউম্যান ফেলিওর থাকে। যারা দুর্ঘটনায় আক্রান্ত হয়েছেন তারা কেউ এর জন্য দায়ী নন। বিল্ডার অন্যায় করেছেন। যাদের দেখার দায়িত্ব সেই সুপারভাইজারদের গাফিলতি সব থেকে বেশি। রাজ্যপাল জানান, রাজভবনে এক্সপার্ট কমিটি মিটিং ডাকবেন তিনি। আইআইআইটি খড়গপুরের বিশেষজ্ঞরা থাকবেন টিমে।
রাজ্যপাল এদিন বলেন, সুপারভাইজিং অথরিটি তার দায়িত্ব ঠিক করে পালন করেনি। সরকার চাইলে এই অবৈধ নির্মাণ বন্ধ করতে পারে। রাজ্যপাল বলেন, “শীঘ্রই রাজভবনে নির্মাণ বিশেষজ্ঞদের নিয়ে বৈঠক হবে। আইআইটি খড়গপুর, হাডকো, সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউ-সহ একাধিক সংস্থা ও ক্রেডাইয়ের বিশেষজ্ঞদের থেকে পরামর্শ নেওয়া হবে। সেই বৈঠকের পরামর্শ সরকারকে দেওয়া হবে প্রয়োজনীয় অ্যাকশনের জন্য। হাসপাতালে আহত এবং তাঁদের পরিবারের সঙ্গে কথা বলেছি।” রাজভবনের তরফে ৫০ হাজার টাকা দেওয়া হবে নিহতদের পরিবারকে। রাজ্যপাল বোস বলেন, সোশ্যাল অডিট এসব বন্ধ করতে পারে।
রবিবার গভীর রাতে গার্ডেনরিচে একটি নির্মাণ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এখনও অবধি ৮ জনের মৃত্য়ুর কথা সরকারিভাবে জানানো হয়েছে। তবে সে সংখ্যা যে বাড়বে, তেমনটাই স্থানীয় বাসিন্দাদের দাবি। সোমবার সকালে ঘটনাস্থলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমি মেয়রকে জিজ্ঞাসা করছিলাম এটার অফিশিয়াল পারমিশন দিয়েছে কি না। ও বলল না। এগুলো সমস্ত বেআইনি কিছু কিছু হয়। বেআইনি কোনও কাজ কেউ করে থাকলে তাঁর বিরুদ্ধে অফিশিয়াল অ্যাকশন নেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করব। যে পরিবার আজ অসহায়, সরকার তো তাদের পাশে দাঁড়াবেই।”
এদিন রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, “আমি অত্যন্ত খুশি মুখ্যমন্ত্রী এসেছেন। রাজ্য সরকার ভিকটিমদের ক্ষতিপূরণ দিয়েছে। রাজ্য সরকারের উচিত শহরের বেআইনি বাড়ি অবিলম্বে চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া। এর পেছনে যারা রয়েছেন তাদের বিরুদ্ধে রাজভবন যথাযথ ব্যবস্থা নেবে।”
