Kolkata Weather: কালো করে এল আকাশ, আজও প্রবল বৃষ্টিতে ভাসবে বাংলা সঙ্গে ঝড়, কবে ঠিক হবে পরিস্থিতি?
West Bengal Weather Forecast: আজ অর্থাৎ বৃহস্পতিবারও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড় এবং বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতা: বসন্তেও যেন বর্ষার আমেজ। বুধবার দফায়-দফায় বৃষ্টি হয়েছে। রাতেও থামেওনি। এরপর বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। রোদ ওঠেনি। আবহাওয়া অফিস বলছে, আজও ভোগাবে বৃষ্টি। সঙ্গে কালবৈশাখীরও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
আলিপুর আবহওয়া অফিস বলেছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি অক্ষরেখা রয়েছে। আর তেলঙ্গানার উপরেও রয়েছে। এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। যার জেরেই এই ঝড়বৃষ্টি হচ্ছে।
আজ অর্থাৎ বৃহস্পতিবারও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড় এবং বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, পশ্চিম মেদিনীপুরে। মাঝারি বজ্রপাত হবে। বইবে দমকা বাতাস।
আবহাওয়া অফিস বলছে, শনি-রবি দক্ষিণবঙ্গে শুকনো আবহাওয়ার ইঙ্গিত। সোম-মঙ্গল কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, কলকাতা ও আশপাশের জেলা শুকনো থাকারই সম্ভাবনা। উত্তরবঙ্গেও বৃষ্টির তীব্রতা কমবে, তবে সপ্তাহভর বিক্ষিপ্ত বৃষ্টির অনুকূল পরিস্থিতি। সপ্তাহের শেষে ৪-৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। তবে চৈত্রে অন্তত তাপপ্রবাহের আশঙ্কা নেই।
তবে আজও মনোরম আবহাওয়া বজায় থাকবে। বৃষ্টির জেরে কলকাতার পারদ নেমেছে ২১.৩ ডিগ্রিতে। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির নীচে থাকার ইঙ্গিত।
