Calcutta High Court: গণনাকেন্দ্র পরিবর্তনের বিরুদ্ধে হাইকোর্টে জাভেদ খান, কী বললেন বিচারপতি?
Javed Ahmed Khan plea on counting centre dismissed: তৃণমূল প্রার্থীর আইনজীবীর সওয়াল শুনে বিচারপতি কৃষ্ণা রাও নির্বাচন কমিশনের কাছে জানতে চান, "কেন আপনারা গণনাকেন্দ্র পরিবর্তন করলেন ? আইন মেনে করেছেন?" যার জবাবে কমিশনের আইনজীবী জিষ্ণু চৌধুরী বলেন, "হ্যাঁ, সব আইন মেনে করা হয়েছে। ৫টি গণনাকেন্দ্রকে একত্রিত করে একটি গণনাকেন্দ্র করা হয়েছে। ১০টি বিধানসভা কেন্দ্রের গণনা একটি কেন্দ্রে হবে। সব কিছু সিসিটিভির আওতায় আছে।"

কলকাতা: কসবা বিধানসভা কেন্দ্রের গণনাকেন্দ্র পরিবর্তন। আদালতের দ্বারস্থ কসবা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জাভেদ আহমেদ খান। তৃণমূল প্রার্থীর আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্যের বক্তব্য, হঠাৎ করে গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে গণনাকেন্দ্র পরিবর্তন করে আলিপুরের বিহারীলাল কলেজে করা হয়েছে। গণনাকেন্দ্র পরিবর্তন নিয়ে নির্বাচন কমিশনের বক্তব্য জানতে চান বিচারপতি কৃষ্ণা রাও। শেষ পর্যন্ত তৃণমূল প্রার্থীর মামলা খারিজ করে দেন বিচারপতি।
কী হল মামলার শুনানিতে?
বৃহস্পতিবার মামলার শুনানিতে জাভেদ খানের আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য তাঁর সওয়ালে বলেন, “বেশ কয়েকবছর ধরে গীতাঞ্জলি স্টেডিয়ামে গণনা হয়ে আসছে। হঠাৎ করে কেন নিয়ম না মেনে এই পরিবর্তন?” তিনি বলেন, নির্বাচনের এক সপ্তাহ আগে প্রার্থী কিংবা তাঁর নির্বাচনী এজেন্টকে নোটিস দিয়ে গণনাকেন্দ্র সম্পর্কে জানাতে হয়। নিজের সওয়ালে তৃণমূল প্রার্থীর আইনজীবী দাবি করেন, বিহারীলাল কলেজে সারি দিয়ে একটার উপর একটা EVM রাখা আছে। EVM পড়ে যাচ্ছে। EVM ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্ট্রং রুম এখনও গীতাঞ্জলি স্টেডিয়ামে আছে।
তৃণমূল প্রার্থীর আইনজীবীর সওয়াল শুনে বিচারপতি কৃষ্ণা রাও নির্বাচন কমিশনের কাছে জানতে চান, “কেন আপনারা গণনাকেন্দ্র পরিবর্তন করলেন ? আইন মেনে করেছেন?” যার জবাবে কমিশনের আইনজীবী জিষ্ণু চৌধুরী বলেন, “হ্যাঁ, সব আইন মেনে করা হয়েছে। ৫টি গণনাকেন্দ্রকে একত্রিত করে একটি গণনাকেন্দ্র করা হয়েছে। ১০টি বিধানসভা কেন্দ্রের গণনা একটি কেন্দ্রে হবে। সব কিছু সিসিটিভির আওতায় আছে।” এরপরই কমিশনের আইনজীবী বলেন, “সবাইকে নোটিস পাঠিয়ে ২৭ এপ্রিল জরুরি বৈঠক ডাকা হয়েছিল। এবং তৃণমূলের প্রার্থীকে সব জানানো হয়েছে। তিনি বৈঠকে উপস্থিত ছিলেন।”
আইনজীবী জিষ্ণু চৌধুরী বলেন, “কোথায় গণনা হবে, কারা গণনা করবেন সব কি তৃণমূল ঠিক করবে? গণনা কি বন্ধ করে দেব?” কমিশনের আর এক আইনজীবী ডিএস নাইডু তাঁর সওয়ালে বলেন, “প্রার্থীর একমাত্র আশঙ্কা ছিল যে নতুন কেন্দ্র ৮ কিমি দূরে। আমরা যাতায়াতের বিষয়টাও খেয়াল রাখব।” দু’পক্ষের সওয়াল শোনার পর জাভেদ খানের মামলাটি খারিজ করে দেন বিচারপতি।
