
কলকাতা: মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদ গড়ছেন হুমায়ুন কবীর। গত বছরের ৬ ডিসেম্বর তার ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। বাবরি মসজিদ তৈরির জন্য আর্থিক সাহায্য করতে সাধারণ মানুষকে আবেদন জানিয়েছেন হুমায়ুন। অনলাইনেও আর্থিক সাহায্য করা যাচ্ছে। এবার বাবরি মসজিদ তৈরির জন্য এই আর্থিক সাহায্য নিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার হুমায়ুনকে নিশানা করে তিনি বললেন, বাবরি মসজিদ তৈরির জন্য ৫০ শতাংশের বেশি আর্থিক সাহায্য এসেছে বাংলাদেশ থেকে। একইসঙ্গে শুভেন্দুর অভিযোগ, বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের আগে সাতদিন বাংলাদেশে ছিলেন হুমায়ুন।
শুধু বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন নয়, জনতা উন্নয়ন পার্টি নামে নতুন দলও গড়েছেন হুমায়ুন। এদিন হুমায়ুনকে নিশানা করে শুভেন্দু বলেন, “তথাকথিত বাবরি মসজিদের শিলান্যাস এবং নতুন দল গঠনের আগে, সাতদিন বাংলাদেশে কাটিয়েছেন হুমায়ুন কবীর। হুমায়ুন কবীর রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অ্যাকাউন্টের মাধ্যমে বাবরি মসজিদের জন্য যে অর্থ সংগ্রহ করেছেন, তার ৫০ শতাংশের বেশি অর্থ বাংলাদেশ থেকে এসেছে। বাবরি মসজিদের শিলান্যাসের আগে হুমায়ুন কবীর বাংলাদেশে ছিলেন সাতদিন। বাংলাদেশের জামাত ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সেতু হুমায়ুন কবীর। হিন্দুরা তো বটেই, রাষ্ট্রবাদী মুসলিমরাও এগিয়ে আসুন, এটা দেশের সুরক্ষার প্রশ্ন।”
শুভেন্দুর এই মন্তব্য নিয়ে এখনও কোনও জবাব পাওয়া যায়নি ভরতপুরের বিধায়ক হুমায়ুনের। তবে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় সেখানে বেশ কয়েকটি বাক্স রাখা হয়েছিল। ওই বাক্সগুলিতে কত টাকা জমা পড়েছে, লাইভ ভিডিয়োর মাধ্যমে তা গণনা করা হয়েছিল। এছাড়া, অনলাইনেও আর্থিক সাহায্যের কথা জানিয়েছিলেন হুমায়ুন। এই অনলাইনে সাহায্য নিয়েই অভিযোগ করেছেন শুভেন্দু।
হুমায়ুনের নতুন দল গঠন নিয়ে প্রথম থেকে রাজনৈতিক চাপানউতোর চলছে। বিজেপি বলছে, হুমায়ুনকে দিয়ে নতুন দল গঠন তৃণমূলের কৌশল। অন্যদিকে, হুমায়ুনের নতুন দল গঠনের পিছনে বিজেপির মদত রয়েছে বলে অভিযোগ রাজ্যের শাসকদলের। এই আবহে বাংলাদেশকে টেনে আনলেন শুভেন্দু। হুমায়ুন এর জবাবে কী বলেন, সেটাই দেখার।