Bengal Budget 2026: লক্ষ্মীর ভান্ডারে কি আরও বাড়বে টাকা? ভাতা বাড়বে সিভিকদের? ভোটের আগে শেষ বাজেটে কী কী থাকতে পারে?
West bengal Budget: প্রাথমিকভাবে জল্পনা করা হচ্ছে বরাদ্দ বাড়তে পারে লক্ষ্মীর ভাণ্ডারে। মহিলা ভোট তৃণমূলের অন্যতম ভোট ব্যাঙ্ক তা বলার অপেক্ষা রাখে না। ফলে তাঁদের জন্য তৈরি প্রকল্পে টাকা আরও বাড়ছে কি না সেই নিয়ে একটা জল্পনা চলছে। টাকা কি বাড়বে? বাড়লেও সেটা কত?

কলকাতা: কেন্দ্রীয় বাজেট পেশ হয়েছে গত সপ্তাহের রবিবার। আর এবার রাজ্য বাজেটের পালা। বিধানসভা ভোটের আগে মমতার সরকারের এটাই শেষ বাজেট। আজই বিধানসভায় পেশ হবে ‘ভোট অন অ্যাকাউন্ট’। এ দিন, দুপুর সাড়ে বারোটায় বক্তব্য রাখবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যেহেতু সামনেই ভোট তাই এই সব যে বাজেট পেশ করা হয় তাকে ‘ভোট অন অ্যাকাউন্ট’ বলে।
কেন্দ্রের বাজেট পেশের পর একযোগে সেই বাজেটকে কটাক্ষ করেছিলেন তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকলেই এক বাক্যে বলেছিলেন, ‘বেসলেস বাজেট’। কেন্দ্রের বাজেট বাংলা বিরোধী বলেও অভিযোগ করেছিলেন তাঁরা। এবার ভোটের আগে তৃণমূল সরকারের বাজেট পেশ ফলে বাংলার মানুষের জন্য সরকারি প্রকল্পে বরাদ্দ বাড়ে কি না সেইটাই দেখার।
প্রাথমিকভাবে জল্পনা করা হচ্ছে বরাদ্দ বাড়তে পারে লক্ষ্মীর ভাণ্ডারে। মহিলা ভোট তৃণমূলের অন্যতম ভোট ব্যাঙ্ক তা বলার অপেক্ষা রাখে না। ফলে তাঁদের জন্য তৈরি প্রকল্পে টাকা আরও বাড়ছে কি না সেই নিয়ে একটা জল্পনা চলছে। টাকা কি বাড়বে? বাড়লেও সেটা কত? একুশের ভোটের আগে এই প্রকল্প এনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই এটিকে মাস্টারস্ট্রোক বলেছিলেন অনেকে। গত লোকসভা ভোটের আগে এই প্রকল্পে অর্থের পরিমাণ বৃদ্ধি করেছিল রাজ্য। ২০২৫-২০২৬ এই অর্থবর্ষে বরাদ্দ হয়েছে ২৭ হাজার কোটি টাকা। তবে শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয়,সরকারি কর্মচারিদের ডিএ কি বাড়বে? কারণ, আজ আবার সুপ্রিম কোর্টে রায় দেবে এই মামলার। অপরদিকে, আশা কর্মীরাও কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। তাঁরাও আর্থিক বঞ্চনার অভিযোগ তুলেছেন। সেই বঞ্চনা কি মিটিবে? ভোটের আগে কি সিভিক ভলান্টিয়ারদের ভাতা বাড়বে? এমনই একাধিক প্রকল্প রয়েছে সেখানে কিছু বাড়ে কি না তাই দেখার।
