Bratya Basu: তৃণমূলের অধ্যাপক সংগঠন করলেই কি সরকারি কমিটিতে জায়গা? অকপট ব্রাত্য
Bratya Basu: রবিবার তৃণমূল সমর্থিত অধ্যাপক সংগঠন ওয়েবকুপার সভায় গিয়েছিলেন ব্রাত্য বসু। আর সেই সভার শেষে বিরোধীদের অভিযোগ নিয়ে তাঁর বক্তব্য, এটা অংশত সত্য। নিজের বক্তব্যের ব্যাখ্যাও দেন শিক্ষামন্ত্রী।

কলকাতা: তিনি রাজ্যের শিক্ষামন্ত্রী। তৃণমূল সমর্থিত অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপার সভাপতিও। সেই ওয়েবকুপার সভায় গিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কোনও রাখঢাক না রেখেই জানিয়ে দিলেন, সরকারি কমিটিতে কারা জায়গা পান। বিরোধীরা বারবার অভিযোগ তোলে, তৃণমূলের অধ্যাপক সংগঠন করলেই সরকারি কমিটিতে জায়গা পাওয়া যায়। সেই অভিযোগ ‘অংশত সত্যি’ বলে মেনে নিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী। এর মধ্যে ‘অন্যায়’-ও দেখছেন না তিনি। একইসঙ্গে তাঁর যুক্তি, যথার্থ শিক্ষাবিদরাও বিভিন্ন কমিটিতে স্থান পান।
রবিবার তৃণমূল সমর্থিত অধ্যাপক সংগঠন ওয়েবকুপার সভায় গিয়েছিলেন ব্রাত্য বসু। আর সেই সভার শেষে বিরোধীদের অভিযোগ নিয়ে তাঁর বক্তব্য, এটা অংশত সত্য। নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, “এটা সরকারের সঙ্গে থাকা সংগঠন। আমি এর সভাপতি। আমি সরাসরি রাজনৈতিক লোক। আমার এখানে কোনও কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যদি কমিটি হয়, তাহলে আমি চাইব আমার সংগঠনের লোকই থাক। তৃণমূল করেন বলে কেউ তো অপাংক্তেয় হতে পারেন না।”
কেন তিনি অংশত বলেছেন, তার কারণও তুলে ধরেন। শিক্ষামন্ত্রী বলেন, “বাইরের সংগঠনের থেকেও যথার্থ যিনি শিক্ষাবিদ, তাঁকে নেওয়া হচ্ছে। আমরা কি নিচ্ছি না? প্রচুর শিক্ষাবিদ দেখাতে পারি, এমনকি উপাচার্যও এসেছেন বাইরে থেকে।”
২০২৬ সালে রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে কি আরও সক্রিয় হয়ে উঠছে ওয়েবকুপা? রবিবার এই প্রশ্নের উত্তরে ব্রাত্য বসু বলেন, “পাহাড় থেকে সমুদ্র, সব জেলায় আমাদের কমিটি তৈরি হয়ে গিয়েছে ৷ ওয়েবকুপার ইউনিট হেড তৈরি হয়ে গিয়েছে রাজ্য সরকারের সব বিশ্ববিদ্যালয়ে ৷ অধ্যাপক এবং শিক্ষক শ্রেণি তৃণমূলের সমর্থনে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষে রাজ্যজুড়ে একটা বাতাবরণ তৈরি করেছে ৷”

