Municipal Election: নভেম্বরের শেষ সপ্তাহেই কলকাতা-হাওড়ায় পুরভোট? প্রস্তুতি শুরু নবান্নের
Municipal Election 2026: শুধু কলকাতা ও হাওড়া নয়, নভেম্বরের শেষে রাজ্যের আরও কয়েকটি পুরসভায় ভোট করানোর পরিকল্পনা রয়েছে। সেই তালিকায় রয়েছে বালি, হলদিয়া, ঝাড়গ্রাম, ধূপগুড়ি, কালিম্পং ও কার্শিয়াং। ইতিমধ্যেই পুরভোটের কথা মাথায় রেখে ওয়ার্ড পুনর্বিন্যাস, আসন সংরক্ষণ ও ভোটার তালিকা সংক্রান্ত প্রস্তুতি শুরু হয়েছে জোরকদমে।

কলকাতা: পুজোর (Durga Puja) পরই রাজ্যে পুরভোটের (Municipal Election) দামামা বাজতে পারে। আপাতত সেই লক্ষেই ঘুঁটি সাজাচ্ছে বিজেপি (BJP)। যদিও, কোন মাসে কত তারিখে ভোট হবে অর্থাৎ পুরভোটের দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি। তবে, নবান্ন সূত্রে খবর, নভেম্বরের শেষ সপ্তাহেই পুরভোট হতে পারে। মূলত, ওই সময়ে কলকাতা (Kolkata Municipal Corporation) ও হাওড়া পৌরনিগমে (Howrah Municipal Corporation) ভোট করানোর প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার। সূত্রের খবর, সেপ্টেম্বর মাসের শেষেই পুরভোট (Corporation Vote) নিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে নিজেদের অবস্থান জানাবে রাজ্য সরকার।
আর কোন কোন পুরসভায় ভোট?
শুধু কলকাতা ও হাওড়া নয়, নভেম্বরের শেষে রাজ্যের আরও কয়েকটি পুরসভায় ভোট করানোর পরিকল্পনা রয়েছে। সেই তালিকায় রয়েছে বালি, হলদিয়া, ঝাড়গ্রাম, ধূপগুড়ি, কালিম্পং ও কার্শিয়াং। ইতিমধ্যেই পুরভোটের কথা মাথায় রেখে ওয়ার্ড পুনর্বিন্যাস, আসন সংরক্ষণ ও ভোটার তালিকা সংক্রান্ত প্রস্তুতি শুরু হয়েছে জোরকদমে।
সূত্রের খবর, পুজোর আগেই প্রশাসনিক স্তরে প্রাথমিক প্রস্তুতি সেরে রাখতে তৎপর নবান্ন। পুজোর পরেই পুরভোটের চূড়ান্ত প্রস্তুতিতে নামবে নির্বাচন কমিশন। সব মিলিয়ে বলা যেতে পারে নভেম্বরের শেষেই ফের ভোটের দামামা বাংলায়।
পুরভোটকে লক্ষ্য করে প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য বিজেপি। ইতিমধ্যে একটি দলীয় কমিটি তৈরি করা হয়েছে। কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির ইনচার্জ করা হয়েছে সুকান্ত মজুমদারকে। এছাড়া কমিটির সদস্যরা নির্বাচন কেন্দ্রিক প্রয়োজনীয় পদক্ষেপ করছেন। গত রবিবারই কলকাতা পৌরনিগমের প্রাক্তন কাউন্সিলর তথা বিধায়ক সজল ঘোষের বাড়িতে বৈঠক করেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী তাপস রায়, উত্তর কলকাতা জেলা বিজেপি সভাপতি তমোঘ্ন ঘোষ, বিজেপি নেতা সন্তোষ পাঠক।
