TV9 Bangla Journalists: নিট ইস্যুতে উত্তাল কলকাতা, আক্রান্ত টিভি-৯ বাংলার সাংবাদিকদের দেখতে হাসপাতালে শুভেন্দু
TV9 Bangla Journalists under Attack: কিন্তু ভিড় থেকে ইট ছুড়ল কারা? সেই প্রশ্ন ঘুরছে। মুখ্যমন্ত্রী যদিও পাশে থাকার বার্তা দিয়েছেন। আশ্বাস দিয়েছেন দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। মুখ্যমন্ত্রীর পাশাপাশি আহতদের দেখতে যান বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও। কথা বলেন আহতদের সঙ্গে।

কলকাতা: নিট ইস্যুতে আন্দোলনে ধর্মতলায় ধুন্ধুমার। একেবারে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। এলোপাথাড়ি ইট-বোতল-লাঠি, মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক। খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত টিভি-৯ বাংলাও। গুরুতরভাবে জখম চিত্র সাংবাদিক দীপঙ্কর দাশগুপ্ত। তাঁর মুখে দুটো সেলাই পড়েছে। আহত হয়েছেন চিত্র সাংবাদিক মাখন পাত্রও। আক্রান্ত সাংবাদিক সুমন মহাপাত্রও। আহতদের এসএসকেএমে দেখতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন। ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতেও।
কিন্তু ভিড় থেকে ইট ছুড়ল কারা? সেই প্রশ্ন ঘুরছে। মুখ্যমন্ত্রী যদিও পাশে থাকার বার্তা দিয়েছেন। আশ্বাস দিয়েছেন দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। মুখ্যমন্ত্রীর পাশাপাশি আহতদের দেখতে যান বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও। কথা বলেন আহতদের সঙ্গে।
অন্যদিকে ফেসবুক পোস্টে মুখ্যমন্ত্রী লিখছেন, “কলকাতায় কর্তব্যরত অবস্থায় আক্রান্ত হয়ে আহত সাংবাদিকদের দেখতে এসএসকেএম হাসপাতালে গিয়েছিলাম। হাসপাতাল কর্তৃপক্ষকে প্রত্যেকের জন্য প্রয়োজনীয় চিকিৎসার যথাযথ ব্যবস্থা করার নির্দেশ দিয়েছি।” এরপরেই তাঁর সংযোজন, “সাংবাদিকদের ওপর এই ঘৃণ্য হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রতিবাদের নামে গুণ্ডারাজ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। পুলিশকে অবিলম্বে অপরাধীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছি।”
