Kunal Ghosh: ‘আসলে RSS-কে চ্যালেঞ্জ দিলেন শুভেন্দু?’ বিস্ফোরক প্রশ্ন কুণাল ঘোষের
জল্পনা শুরু হয়েছে সংখ্যা নিয়েও। ২৭৫ জনের সমর্থন পেতে গেলে ৬৬ জনের সমর্থন লাগবে। গণতান্ত্রিক তৃণমূলের ৬৪ জন বিধায়ক পাশে থাকলেও, বাকি ২ জন কারা? প্রশ্ন উঠেছে। জল্পনা বাড়ছে আজুপ বিধায়ক হুমায়ুন কবীর ও আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে নিয়ে।

কলকাতা: ফ্লোর টেস্ট হলে ২৭৫ জনের সমর্থন পাবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই দাবিই বর্তমানে রাজ্য রাজনীতির শিরোনামে। বিধানসভায় স্বীকৃত বিরোধী দল গণতান্ত্রিক তৃণমূলের সমর্থনের কথাই বলছেন শুভেন্দু? নাকি তার বাইরে আরও কোনও বিধায়কের সমর্থন আছে তাঁর ঝুলিতে? এই চর্চার মধ্যেই নতুন প্রশ্ন তুলে দিলেন কালীঘাটপন্থী তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ। প্রশ্ন তুললেন, শুভেন্দুর চ্যালেঞ্জটা আসলে কার জন্য?
বেলেঘাটার বিধায়কের দাবি, শুভেন্দু অধিকারী আদতে বিরোধীদের নয়, আরএসএস-কে চ্যালেঞ্জ করেছেন। কুণাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “মুখ্যমন্ত্রী কি আরএসএস কে চ্যালেঞ্জ করলেন? বিরোধীরাও পর্যন্ত ফ্লোর টেস্টের কথা তোলেনি। সেখানে আরএসএসকে চমকানোর জন্য ফ্লোর টেস্টের কথা বলেছেন শুভেন্দু অধিকারী। কারণ উনি জানেন, আরএসএস ও আদি বিজেপি এই সরকারের কাজে সন্তুষ্ট নয়।”
অন্যদিকে, কুণালের চ্যালেঞ্জ, গোপন ব্যালটে ফ্লোর টেস্ট করান শুভেন্দু অধিকারী, যাতে পাশের লোকও জানতে না পারে। তাঁর দাবি, গোপনে ভোট হলে ২০৯ জন বিধায়কও শুভেন্দু অধিকারীর সঙ্গে থাকবেন না। কুণাল বলেন, “দম থাকলে গ্রহণ করুন।”
তবে এই সব জল্পনাকে গুরুত্ব দিতে রাজি নয় রাজ্য বিজেপি নেতৃত্ব। বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, “হতাশা গ্রাস করেছে, তা এ কথা বলছেন কুণাল ঘোষ। ফ্লোর টেস্ট হবে কি না, তা মুখ্যমন্ত্রী বুঝবেন, স্পিকার বুঝবেন। ওঁর তো দলের কোনও নামই নেই।”
বিজেপি বিধায়ক সজল ঘোষের দাবি, মুখ্যমন্ত্রী বলেছেন বিধায়করা হাত তোলার জন্য রেডি হয়ে আছেন, রেডি হয়ে থাকা, আর সমর্থন দেওয়া এক নয়।
এদিকে, জল্পনা শুরু হয়েছে সংখ্যা নিয়েও। ২৭৫ জনের সমর্থন পেতে গেলে ৬৬ জনের সমর্থন লাগবে। গণতান্ত্রিক তৃণমূলের ৬৪ জন বিধায়ক পাশে থাকলেও, বাকি ২ জন কারা? প্রশ্ন উঠেছে। জল্পনা বাড়ছে আজুপ বিধায়ক হুমায়ুন কবীর ও আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে নিয়ে।
