CM Suvendu Adhikari: ‘কালীঘাটের মায়ের পা থেকে পদ্মফুল আমার হাতে পড়ে’, আগাম জয় টের পেয়েছিলেন শুভেন্দু?
Suvendu Adhikari on Kalighat Temple Blessing: ছাব্বিশের নির্বাচনে বিজেপি ২০৭টি আসন পেয়েছে। তৃণমূল পেয়েছে ৮০টি আসন। শুভেন্দু নিজে দুটি আসনে প্রার্থী হয়েছিলেন। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও কলকাতার ভবানীপুর। দুটি আসনেই জিতেছেন তিনি। বাংলায় প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে এদিন ব্রিগেড ময়দানে শপথ নিয়েছেন তিনি।

কলকাতা: ১৫ বছরের তৃণমূল সরকারের পতন ঘটেছে। শনিবার বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি। আর শপথের কয়েকঘণ্টা পরই নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে দিলেন, রাজ্য পালাবদল যে হচ্ছে, তা কালীঘাট মন্দিরে গিয়ে উপলব্ধি করেছিলেন তিনি। ভোটের আগে কালীঘাট মন্দিরে পুজো দিতে গিয়ে কী হয়েছিল তাঁর সঙ্গে, এদিন জানালেন শুভেন্দু। কী বললেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী?
কালীঘাট মন্দিরে পুজো দিতে গিয়ে কী হয়েছিল শুভেন্দুর সঙ্গে?
শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু। কয়েকঘণ্টা পর ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাসভবনে যান নতুন মুখ্যমন্ত্রী। আর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাসভবন থেকে বেরিয়ে তিনি বললেন, বিজেপি যে ক্ষমতায় আসতে চলেছে, কালীঘাট মন্দিরে গিয়ে সেই উপলব্ধি হয়েছিল তাঁর। সেদিনের ঘটনা বর্ণনা করে মুখ্যমন্ত্রী বলেন, “কালীঘাট মায়ের আশীর্বাদ আমার সঙ্গে ছিল। কারণ, আমি যেদিন প্রথম মাকে প্রণাম ও পুজো করতে যাই, সেদিন মায়ের পা থেকে একটি পদ্মফুল আমার হাতে পড়েছিল। আমি সেদিনই বুঝেছিলাম মা কালীর আশীর্বাদ আমার কিংবা আমাদের উপর রয়েছে।” এদিন কালীঘাট মন্দিরে যাবেন বলে জানালেন শুভেন্দু। একইসঙ্গে তিনি বলেন, “আমি যেহেতু ভবানীপুরের বিধায়ক, শীতলা মায়ের মন্দিরে যাওয়ারও পরিকল্পনা রয়েছে।”
ছাব্বিশের নির্বাচনে বিজেপি ২০৭টি আসন পেয়েছে। তৃণমূল পেয়েছে ৮০টি আসন। শুভেন্দু নিজে দুটি আসনে প্রার্থী হয়েছিলেন। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও কলকাতার ভবানীপুর। দুটি আসনেই জিতেছেন তিনি। বাংলায় প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে এদিন ব্রিগেড ময়দানে শপথ নিয়েছেন তিনি। আর শপথ গ্রহণের পরই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাসভবনে গিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি শ্রদ্ধাজ্ঞাপন করেন।
