LPG Cylinder রিফিল বুকিংর নিয়মে সত্যি কি বদল এসেছে? বিভ্রান্তি চরমে, কী জানাল কেন্দ্র?

LPG Crisis: এদিন সকালেই জানা যায় যে এলপিজি সিলিন্ডার বুকিংয়ের সময়সীমায় বদল এসেছে। গ্যাস ডিলারদের দাবি, ডবল সিলিন্ডারের গ্রাহকদের ক্ষেত্রে বুকিংয়ের সময়সীমা ২৫ দিন থেকে বাড়িয়ে ৩৫ দিন করা হয়েছে। অর্থাৎ একটি সিলিন্ডার ডেলিভারির ৩৫ দিন বাদে দ্বিতীয় সিলিন্ডার বুক করা যাবে।

LPG Cylinder রিফিল বুকিংর নিয়মে সত্যি কি বদল এসেছে? বিভ্রান্তি চরমে, কী জানাল কেন্দ্র?
এলপিজি সিলিন্ডার বুকিং নিয়ে বিভ্রান্তি চরমে।Image Credit source: PTI

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Mar 25, 2026 | 2:46 PM

নয়া দিল্লি: পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে বিপর্যস্ত গোটা বিশ্ব। এলপিজি সঙ্কট দেখা দিয়েছে। এদিকে গ্যাস বুকিং নিয়ে তৈরি হয়েছে চরম বিভ্রান্তি। কেন এই বিভ্রান্তি? গ্যাস ডিলাররা বলছেন, এলপিজি বুকিংয়ের নিয়মে বদল করা হয়েছে। এবার থেকে ৩৫ দিনের ব্যবধানে এলপিজি সিলিন্ডার বুক (LPG Cylinder Booking) করা যাবে। ওদিকে কেন্দ্রের দাবি, গ্যাস বুকিংয়ের নিয়মে কোনও বদল করা হয়নি। ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্তান পেট্রোলিয়াম সহ বিভিন্ন অয়েল পেট্রোলিয়াম সংস্থাগুলিও জানিয়েছে, তাদের কাছে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে।

এদিন সকালেই জানা যায় যে এলপিজি সিলিন্ডার বুকিংয়ের সময়সীমায় বদল এসেছে। গ্যাস ডিলারদের দাবি, ডবল সিলিন্ডারের গ্রাহকদের ক্ষেত্রে বুকিংয়ের সময়সীমা ২৫ দিন থেকে বাড়িয়ে ৩৫ দিন করা হয়েছে। অর্থাৎ একটি সিলিন্ডার ডেলিভারির ৩৫ দিন বাদে দ্বিতীয় সিলিন্ডার বুক করা যাবে। গ্যাস ডিলার সংগঠনের নেতা বিজন বিহারী বিশ্বাস জানিয়েছেন, সরকারি নির্দেশিকা নয়, অয়েল মার্কেটিং সংস্থাগুলি হোয়াটসঅ্যাপ মেসেজে এই বার্তা দিয়েছে।

যদিও কেন্দ্রের তরফে এরপরই জানানো হয়েছে যে পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে বুকিং বাতিলের নিয়মে কোনও বদল করা হয়নি। পুরনো নির্দেশিকাই জারি রয়েছে। শহর ও শহরাঞ্চলের জন্য ২৫ দিন এবং গ্রামের ক্ষেত্রে ৪৫ দিনের যে বুকিং টাইম রয়েছে, তাই-ই প্রযোজ্য রয়েছে।

এর পাশাপাশি সরকারের তরফে জানানো হয়েছে যে সাধারণ মানুষ যেন আতঙ্কিত না হন। এই মুহূর্তে সরকারের কাছে পর্যাপ্ত পরিমাণ এলপিজি জ্বালানির জোগান রয়েছে। এছাড়া ৫টি জাহাজ ২.৩ লক্ষ টন এলপিজি নিয়ে হরমুজ প্রণালীতে দাঁড়িয়ে রয়েছে। আরও দুটি জাহাজ আগামী সপ্তাহের মধ্যে দেশের দুই বন্দরে এসে পৌঁছবে।

সতর্ক করা হয়েছে যে গ্যাস বা জ্বালানির ক্ষেত্রে যেন কোনও রকম অবৈধ মজুত না করা হয়। ব্ল্যাক মার্কেটিং রুখতে কড়া পদক্ষেপের কথা বলেছে কেন্দ্র।

তবে নির্দেশিকার এই বিভ্রাটে চরম সমস্যায় পড়েছেন ডেলিভারি বয়রা। তাদের কথায়, ৩০০-র বদলে এখন দিনে ৮০০ সিলিন্ডার বুক হচ্ছে। এদিকে গ্যাস সিলিন্ডারের গাড়ি আসছে একটা। সিলিন্ডার নিয়ে কার্যত কাড়াকাড়ি চলছে।

 

Follow Us