Mamata Banerjee: মমতার বাড়ি থেকে ঝাড়ু নিয়ে চলে গিয়েছে পুরসভা, ‘মানুষের জানা উচিত’, বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
Kolkata: এরপর বিজেপির দেওয়া ঝাড়ু ব্যবহার করবেন না বলে জানিয়ে তিনি ফের বলেন, "আমি আপনাদের ঝাড়ু ব্যবহার করব না। ওটা আপনাদের যোগ্য। আপনাদের কাছেই ফিরে গিয়েছে। দরকারে আমি নিজে পরিষ্কার করব। আপানাদের ঝাড়ু নেব না।"

কলকাতা: বিজেপি (BJP) ক্ষমতায় আসার পর ইন্টারনেট কেটে নেওয়া হয়েছিল বলে দাবি করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার মমতার দাবি তাঁর বাড়ি থেকে ঝাড়ু নিয়ে গিয়েছে কলকাতা পুরসভা। সমাজ মাধ্যমে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন তিনি।
মমতা বলেন, “দু’জন পুরসভার কর্মী আছেন। যাঁরা প্রায় তিরিশ বছর ধরে আমার বাগানে ঝাড়ু দিতেন। তাঁদের ঝাড়ুটা পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে। অনেক অসম্মান করেছেন।” এরপর বিজেপির দেওয়া ঝাড়ু ব্যবহার করবেন না বলে জানিয়ে তিনি ফের বলেন, “আমি আপনাদের ঝাড়ু ব্যবহার করব না। ওটা আপনাদের যোগ্য। আপনাদের কাছেই ফিরে গিয়েছে। দরকারে আমি নিজে পরিষ্কার করব। আপানাদের ঝাড়ু নেব না।” প্রাক্তন মুখ্যমন্ত্রী এও বলেন, “আমি বাগান পরিষ্কার করতে ভালোবাসি। আমি ঘরের কাজ করতে ভালবাসি। তবে মানুষের জানা দরকার কোন লেভেলে এরা গিয়েছে।”
এ দিকে, গতকালই প্রাক্তন মুখ্যমন্ত্রী আরও একটি বিস্ফোরক অভিযোগ করেছেন। তিনি এখনও এখনও পর্যন্ত বইয়ের রয়্যালটি পাননি। তাঁর আশঙ্কা এর পিছনে বিজেপির হাত থাকতে পারে। তিনি বলেছেন, “আমাকে নানা কুকথা বলে। যদিও তারা জানে যে আমি এক পয়সা মাইনে পর্যন্ত নিইনি। আমি আজ পর্যন্ত এক পয়সা পেনশন নিইনি। আমার বইয়ের রয়্যালটি দিয়ে আমার চলে। কিন্তু, সেই রয়্যালটিও আমি এ বছর পাইনি। নিশ্চয় বিজেপির ভয়ে তারা মুখ বন্ধ করে বসে রয়েছে। মানুষ বইমেলায় বই কিনেছে। সেই টাকা আমাদের লোকেরাও জাগো বাংলা স্টল থেকে দিয়েছে। কিন্তু, আজও পর্যন্ত আমি পাইনি। নিশ্চয় এর পিছনে খেলা রয়েছে।”
