Mamata Banerjee: ‘প্রধানমন্ত্রী দায়ী থাকবেন…’, কোন আশঙ্কার কথা বললেন মমতা
West Bengal Assembly Election 2026: রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, সিপি, ডিজি-কে কেন বদল করা হল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা। তিনি বলেন, "আমরা মাছের কাঁটা বাছি, আপনারা রাজনীতির উকুন বাছেন। সব চেঞ্জ করে দিন, তারপরেও বাংলার সরকার বদলাবে না। লিখে নিন।"

কলকাতা: ভোট ঘোষণা হওয়ার পরের দিনই পথে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, সোমবার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল করেন তিনি। পরে সভামঞ্চ থেকে আশঙ্কা প্রকাশ করেন, তাঁর উপর হতে পারে হামলা। হামলা হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দায় নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “লড়াই ছেড়ে কেউ যাবেন না। আমি তো যাবই না। আপনারা তো এমন এমন কথা বলছেন যেন আমাকে খুন করা হবে। এই প্রোভোকেশন স্টেটমেন্টগুলোই প্রমাণ। যদি কোনও ঘটনা ঘটে, তাহলে প্রধানমন্ত্রী সহ সবাইকে দায় নিতে হবে।”
এদিন মঞ্চ থেকে মমতা বলেন, “এবার আরও খেলা হবে। বিজেপিকে ছক্কা মারুন। ছক্কা মেরে অক্কা করে দিতে হবে। তৃণমূল কংগ্রেস জিতছে। বাংলার মানুষ জিতছে। এ বার আমাদের সিট আরও বাড়বে, তোমরা রসাতলে যাবে। আবার নবান্নে দেখা হবে।”
রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, সিপি, ডিজি-কে কেন বদল করা হল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা। তিনি বলেন, “আমরা মাছের কাঁটা বাছি, আপনারা রাজনীতির উকুন বাছেন। সব চেঞ্জ করে দিন, তারপরেও বাংলার সরকার বদলাবে না। লিখে নিন।”
