Mamata Banerjee Injury: আহত মমতা, দ্রুত সুস্থতা কামনা প্রধানমন্ত্রী মোদীর
Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর আহত হওয়ার খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন গোটা রাজনৈতিক মহল। দলমত নির্বিশেষে সকল রাজনীতিকরা উদ্বেগ প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার খবর পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করে এক্স হ্যান্ডেলে টুইট করেছেন প্রধানমন্ত্রী মোদীও।

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত সুস্থতা কামনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবারই সন্ধেয় আচমকা আহত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কপালে চোট লেগেছে তাঁর। এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। কপালে সেলাই পড়েছে। আপাতত হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসার পর বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে মুখ্যমন্ত্রীকে। এদিকে মুখ্যমন্ত্রীর আহত হওয়ার খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন গোটা রাজনৈতিক মহল। দলমত নির্বিশেষে সকল রাজনীতিকরা উদ্বেগ প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার খবর পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করে এক্স হ্যান্ডেলে টুইট করেছেন প্রধানমন্ত্রী মোদীও।
I pray for a quick recovery and the best health for Mamata Didi. @MamataOfficial
— Narendra Modi (@narendramodi) March 14, 2024
উল্লেখ্য, বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও মুখ্যমন্ত্রীর আহত হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করে এক্স হ্যান্ডেলে সুকান্ত লিখেছেন, ‘প্রার্থনা করি মুখ্যমন্ত্রী যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।’ প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেলেও একডালিয়ায় রাজ্যের প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের মূর্তি উন্মোচনের এক অনুষ্ঠানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে বক্তব্য রাখার সময় বার বার আবেগঘন হয়ে পড়ছিলেন তিনি। এরপর সেখান থেকে তিনি ফিরে আসেন বাড়িতে। দলীয় সূত্রে খবর, সম্ভবত বাড়িতেই কোনওভাবে পড়ে গিয়ে চোট পান মমতা বন্দ্যোপাধ্য়ায়।
এদিন সন্ধেয় মুখ্যমন্ত্রীর আহত হওয়ার খবর পেয়ে এসএসকেএম হাসপাতালে ছুটে আসেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও। হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে কথা বলে বেরিয়ে রাজ্যপাল বোস জানান, চিকিৎসকরা তাঁকে আশ্বস্ত করেছেন সবকিছু নিয়ন্ত্রণে রয়েছে। তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী সর্বোত্তম জরুরি চিকিৎসা পাচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’
তৃণমূলের বিভিন্ন নেতারাও মুখ্যমন্ত্রীর আহত হওয়ার খবর পেয়ে হাসপাতালে চলে গিয়েছিলেন। রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, ‘মুখ্যমন্ত্রীর ক্ষতস্থানে খুব ব্যথা রয়েছে। অবস্থা স্থিতিশীল কি না, সে বিষয়ে চিকিৎসকরা বলবেন।’
