Manoj Agarwal on Mahua Moitra: ‘এনাফ ইজ এনাফ’, মহুয়াকে সরাসরি ‘ডিফেমেশন কেসে’র হুঁশিয়ারি মনোজ আগরওয়ালের
Mahua Moitra Comment: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়ে বিতর্কের মাঝেই আজ, এক্স মাধ্যমে সুব্রত গুপ্ত ও মনোজ আগরওয়ালের ছবি পোস্ট করে বার্তা দেন মহুয়া মৈত্র। ওই পোস্টে তিনি লিখেছেন, "এরাই বাংলার এসআইআরের (SIR) সবথেকে বড় কারিগর। সব ধরনের অবৈধ কাজ করেছেন এরা।"

কলকাতা: মমতাপন্থী তৃণমূলের অন্যতম নেত্রী তথা কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra) এক্স মাধ্যমে একটি পোস্ট করায় আগেই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পরামর্শদাতা সুব্রত গুপ্ত (Subrata Gupta)। আর এবার সেই এক্স পোস্ট নিয়েই সরাসরি সাংসদকে মামলার হুঁশিয়ারি দিলেন রাজ্যের মুখ্যসচিব তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল (Manoj Agarwal)।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়ে বিতর্কের মাঝেই আজ, এক্স মাধ্যমে সুব্রত গুপ্ত ও মনোজ আগরওয়ালের ছবি পোস্ট করে বার্তা দেন মহুয়া মৈত্র। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘এরাই বাংলার এসআইআরের (SIR) সবথেকে বড় কারিগর। সব ধরনের অবৈধ কাজ করেছেন এরা। এরা কেউ বাঁচতে পারবে না।’
2 biggest architects of Bengal SIR – committed every illegality under the planet. Subrata Kaku & Manoj Uncle – watch out. India is coming for you next. Bachh nahi paoge. https://t.co/XJMCdkwvkb
— Mahua Moitra (@MahuaMoitra) October 3, 2026
উল্লেখ্য, পশ্চিমবঙ্গে ২০২৬-এর বিধানসভা নির্বাচনের সময় সুব্রত গুপ্ত ছিলেন কমিশনের বিশেষ পর্যবেক্ষক। মুখ্য নির্বাচনী আধিকারিকের দায়িত্বে ছিলেন মনোজ আগরওয়াল। সম্প্রতি এসআইআর প্রক্রিয়া নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠেছে। সোমবার সুপ্রিম কোর্টে সেই সংক্রান্ত মামলার শুনানিও ছিল। সেখানে প্রধান বিচারপতি সূর্য কান্ত পর্যবেক্ষণে বলেছেন, “কমিশনে সর্বসম্মতিক্রমে কোনও সিদ্ধান্ত না নেওয়া হলে, তা স্থগিত করা হতে পারে।” এরপরই এক্স মাধ্যমে পোস্টটি করেন মহুয়া।
মহুয়ার পোস্ট দেখেই তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছেন মনোজ আগরওয়াল। ‘ভিত্তিহীন অভিযোগ’ বলে দাবি করে মনোজ আগরওয়াল বলেন, “এনাফ ইজ এনাফ। লিগাল টিমের সঙ্গে কথা বলে ডিফেমেশন কেস (মানহানির মামলা) করা হবে। সিইও কখনই কোনও নাম যুক্ত করতে বা বাদ দিতে পারে না।” তিনি আরও মনে করিয়ে দিয়েছেন যে, যে সব নাম বাদ গিয়েছিল, তা মূলত মৃত, স্থানান্তরিত, ভুয়ো, অনুপস্থিত বা ভুয়ো ভোটারদের নাম। পরবর্তীতে সুপ্রিম কোর্ট জুডিশিয়াল অফিসারদের দায়িত্ব দেয় বলেও উল্লেখ করেছেন মনোজ আগরওয়াল।
