Burdwan: রেলগেট খোলা পেয়ে বেপরোয়া ওভারটেক, লরির চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক পরিণতি
Bardhaman Accident: মশাগ্রাম রেলগেট খোলা থাকায় দ্রুত পার হওয়ার তাগিদে লরিটি বেপরোয়া গতিতে স্কুটিটিকে ওভারটেক করতে যায়। সেই মুহূর্তে নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি সজোরে স্কুটিটিতে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে স্কুটি থেকে ছিটকে রাস্তায় পড়ে যান স্বামী-স্ত্রী দু'জনেই।

বর্ধমান: রেলগেট খোলা পেয়ে দ্রুতগতিতে ওভারটেক করতে গিয়ে মর্মান্তিক পথদুর্ঘটনা। ভুষি বোঝাই একটি লরির ধাক্কায় স্কুটি আরোহী এক বৃদ্ধার মৃত্যু হল দুর্ঘটনাস্থলেই। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাঁর স্বামী। রবিবার বর্ধমান-হাওড়া মেন শাখার মশাগ্রাম রেলগেটের কাছে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত বৃদ্ধার নাম শেফালী সিকদার (৬১)। গুরুতর আহত তাঁর স্বামীর নাম সুবাস সিকদার। তাঁদের বাড়ি মশাগ্রাম স্টেশন সংলগ্ন এলাকাতেই। এদিন স্বামী-স্ত্রী দু’জনে একটি স্কুটিতে চেপে জামালপুরের দিক থেকে নিজেদের বাড়ির দিকে ফিরছিলেন। সেই সময় একই দিক থেকে দ্রুতগতিতে আসছিল ভুষি বোঝাই একটি লরি।
প্রত্যক্ষদর্শীদের দাবি, মশাগ্রাম রেলগেট খোলা থাকায় দ্রুত পার হওয়ার তাগিদে লরিটি বেপরোয়া গতিতে স্কুটিটিকে ওভারটেক করতে যায়। সেই মুহূর্তে নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি সজোরে স্কুটিটিতে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে স্কুটি থেকে ছিটকে রাস্তায় পড়ে যান স্বামী-স্ত্রী দু’জনেই। দুর্ভাগ্যবশত লরিটির চাকা শেফালীদেবীর উপর দিয়ে চলে যায় এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। অন্যদিকে, রাস্তায় ছিটকে পড়ে গুরুতর জখম হন সুবাসবাবু।
দুর্ঘটনার পরপরই লরির চালক এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করে। স্থানীয় বাসিন্দাদের দাবি, একটি বাসে উঠে চম্পট দেওয়ার ছক কষেছিল অভিযুক্ত চালক। কিন্তু স্থানীয়দের তৎপরতায় হাতেনাতে ধরা পড়ে যায় সে। আটক করা হয় ঘাতক লরিটিকেও। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয় বাসিন্দারা চালক ও লরিটিকে পুলিশের হাতে তুলে দেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
