Firhad on Girish Park Case: ‘কান মুলে গ্রেফতার করা হবে’, কাউকে রেয়াত নয়, জানালেন ফিরহাদ
Kolkata: এ দিকে, গতকালের ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি।অভিযোগ দায়ের করেছে তৃণমূলও। শুধু তাই নয়, স্বতঃপ্রণোদিত মামলা করেছে পুলিশও। শেষ পাওয়া খবর অনুযায়ী (শনিবার রাত ৯টা বেজে ৪০ মিনিট) পর্যন্ত গ্রেফতার হয়েছেন ৪ জন। তাদের রাজনৈতিক পরিচয় জানা যায়নি। পুলিশ সূত্রে খবর, তৃণমূল বিজেপির সংঘর্ষ থামাতে গিয়ে আহত হয়েছেন আট জন পুলিশ কর্মী।

কলকাতা: ‘কাউকে ছেড়ে কথা বলা হবে না।’ হুংকার রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের। শনিবার তৃণমূল-বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে গিরিশ পার্ক। রাজ্যের মন্ত্রী শশী পাঁজার দাবি, তাঁর বাড়ির গেট ভাঙচুরের চেষ্টা করে বিজেপি আশ্রিত বহিরাগত গুণ্ডারা। এমনকী তাঁরও আঘাত লেগেছে বলে তিনি দাবি করেন। এরপরই ক্ষুব্ধ রাজ্যের অপর মন্ত্রী। কোনও দুষ্কৃতীকে ছেড়ে কথা বলা হবে না বলে জানান ফিরহাদ।
টিভি ৯ বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিরহাদ হাকিম বলেন, “বিজেপির সব গুণ্ডারা মেরেছে শশী পাঁজাকে। ভেবেছে অনেকে একসঙ্গে আছে। কান মুলে গ্রেফতার হবে, প্রশাসন কাউকে ছাড়বে না। যে গুণ্ডামি করবে কান মুলে গ্রেফতার হবে।” কাউকে যে রেয়াত করা হবে না এ দিনের সাক্ষাৎকারে সে কথা বারেবারে বুঝিয়ে দেন তিনি। বলেন,”আমি প্রশাসনকে যা বলার বলে দিয়েছি। গুন্ডাদের নিয়ে এসে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ভরিয়েছিল। গুন্ডামি করেছে। কাউকে ছাড়া হবে না যারা হামলা করেছিল।”
এ দিকে, গতকালের ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি।অভিযোগ দায়ের করেছে তৃণমূলও। শুধু তাই নয়, স্বতঃপ্রণোদিত মামলা করেছে পুলিশও। শেষ পাওয়া খবর অনুযায়ী (শনিবার রাত ৯টা বেজে ৪০ মিনিট) পর্যন্ত গ্রেফতার হয়েছেন ৪ জন। তাদের রাজনৈতিক পরিচয় জানা যায়নি। পুলিশ সূত্রে খবর, তৃণমূল বিজেপির সংঘর্ষ থামাতে গিয়ে আহত হয়েছেন আট জন পুলিশ কর্মী। তার মধ্যে মহিলা পুলিশ কর্মীও রয়েছেন। পাশাপাশি আহত হয়েছেন বিজেপি নেতা তমোঘ্ন ঘোষ। হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। মন্ত্রী শশী পাঁজার পেটে-কোমরে ও কপালে আঘাত লেগেছে বলে দাবি করেছেন তিনি।
