ECI: ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই উত্তর কলকাতা নিয়ে বড় সিদ্ধান্ত কমিশনের, এবার কী হবে?
Election Officer for North Kolkata: দিন কয়েক আগেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এসেছিল বাংলায়। রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করেছিল। পুলিশ-প্রশাসনের আধিকারিকদের সঙ্গেও বৈঠক করেন জ্ঞানেশ কুমাররা। অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে যে সবরকম পদক্ষেপ করা হবে, তা নিয়ে স্পষ্ট বার্তা দিয়ে যান মুখ্য নির্বাচন কমিশনার।

কলকাতা: বাংলা ঘুরে গিয়েছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। দিন দুয়েকের মধ্যে বাংলায় বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। তার আগে উত্তর কলকাতার নির্বাচনী আধিকারিক নিয়ে বড় সিদ্ধান্ত নিল কমিশন। কলকাতা পৌরনিগমের কমিশনারকে উত্তর কলকাতার নির্বাচনী আধিকারিকের দায়িত্ব দেওয়া হল।
জেলাগুলির ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার জেলাশাসক জেলা নির্বাচনী আধিকারিক (DEO) হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু, কলকাতার ক্ষেত্রে তা হয় না। কলকাতায় কোনও জেলাশাসক না থাকায় কোনও দফতরের আইএএস পদমর্যাদার আধিকারিককে ওই দায়িত্ব দেওয়া হয়। ফলে নির্দিষ্ট কোনও পদাধিকারী এতদিন এই দায়িত্ব পালন করতেন না। সেটাই এবার নির্দিষ্ট করে দিল কমিশন। এই নির্দেশের পর কলকাতা পৌরনিগমের কমিশনার এখন থেকে উত্তর কলকাতায় জেলা নির্বাচনী আধিকারিকের দায়িত্ব সামলাবেন। ওই পদে আর অন্য কোনও আধিকারিককে রাখা যাবে না।
এই মুহূর্তে কলকাতা পৌরনিগমের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন আইএএস অফিসার সুমিত গুপ্ত। আসন্ন বিধানসভা নির্বাচনে উত্তর কলকাতার ডিইও-র দায়িত্ব পালন করবেন তিনিই। হঠাৎ কেন কমিশন এই সিদ্ধান্ত নিল, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
দিন কয়েক আগেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এসেছিল বাংলায়। রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করেছিল। পুলিশ-প্রশাসনের আধিকারিকদের সঙ্গেও বৈঠক করেন জ্ঞানেশ কুমাররা। অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে যে সবরকম পদক্ষেপ করা হবে, তা নিয়ে স্পষ্ট বার্তা দিয়ে যান মুখ্য নির্বাচন কমিশনার। কোনওরকম হিংসা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারিও দেন। তবে বাংলায় কবে ভোট ঘোষণা হবে, তা নিয়ে স্পষ্ট করে কিছু জানাননি। কমিশন সূত্রে খবর, দিন দুয়েকের মধ্যেই ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। তার আগে উত্তর কলকাতায় ডিইও-র দায়িত্ব পৌরনিগমের কমিশনারকে নির্দিষ্ট করে দিল কমিশন।
