Suvendu Adhikari-Kakali Ghosh Dastidar: হাতে দিলেন একটা কাগজ, মুখ্যমন্ত্রীর সঙ্গে হঠাৎ দেখা করলেন কাকলি, কী লেখা ওই কাগজে?
Kakali Ghosh Dastidar: তৃণমূলের বিধায়কের বিরুদ্ধে অভিযোগ জানাতেই মুখ্যমন্ত্রীর দরবারে তৃণমূল থেকে এনসিপিআই দলে যাওয়া সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়-পন্থী তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন মুখ্য়মন্ত্রীকে।

কলকাতা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন এনসিপিআই সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। আজ, বুধবার নবান্নে গিয়ে দেখা করেন তিনি। কেন হঠাৎ মুখ্যমন্ত্রীর দ্বারস্থ তৃণমূল থেকে বেরিয়ে আসা বিদ্রোহী সাংসদ?
তৃণমূলের বিধায়কের বিরুদ্ধে অভিযোগ জানাতেই মুখ্যমন্ত্রীর দরবারে তৃণমূল থেকে এনসিপিআই দলে যাওয়া সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়-পন্থী তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন মুখ্য়মন্ত্রীকে। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবেও অভিযোগ জানানো হয়েছে তাঁর কাছে।
কী নিয়ে অভিযোগ?
সূত্রের খবর, সোশ্যাল মিডিয়ায় কুণাল ঘোষের কোনও একটি পোস্ট নিয়েই মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। সোশ্যাল মিডিয়ায় কাকলি ঘোষ দস্তিদার সম্পর্কে অপমানজনক মন্তব্য করেছেন কুণাল ঘোষ, এই মর্মেই অভিযোগ জানিয়েছেন তিনি। তবে কী পোস্ট নিয়ে অভিযোগ জানিয়েছেন তিনি, তা জানা যায়নি এখনও।
গত মাসেও দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন এনসিপিআই সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। দলীয় ও প্রশাসনিক স্তরের একাধিক বৈঠকেও যোগ দিয়েছিলেন এনসিপিআই-র চিফ হুইপ।
প্রসঙ্গত, কুণাল ঘোষের আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও অভিযোগ জানিয়েছিলেন কাকলি ঘোষ দস্তিদার। দুর্ব্যবহারের অভিযোগে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে চিঠি দিয়েছিলেন তিনি। সেই অনুযায়ী, বাদল অধিবেশন থেকে সাসপেন্ডও করা হয়েছিল তাঁকে।
