Jorabagan House Collapse: জোড়াবাগানে ভেঙে পড়ল কয়েকশো বছরের পুরনো দোতলা বাড়ির একাংশ, ঘটনাস্থলে পুলিশ, বিপর্যয় টিম
Jorabagan House Collapse: খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় জোড়াবাগান থানার পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী (DMG) এবং দমকল কর্মীরা। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালিয়ে বাড়ির ভেতরে আটকে থাকা চারজনকেই বের করে আনা সম্ভব হয়। বর্তমানে তাঁদের স্থানীয় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রাখা হয়েছে। দমকল বাহিনী এলাকায় ধ্বংসস্তূপ সরানোর কাজ চালাচ্ছে।

কলকাতা: আবারও কলকাতায় ভেঙে পড়ল একটি পুরনো দোতলা বাড়ি। জোড়াবাগান থানা এলাকার ২৪ নম্বর কাশীনাথ দত্ত স্ট্রিটে একটি পুরনো দোতলা বাড়ির একাংশ ভেঙে পড়ায় তীব্র চাঞ্চল্য ছড়াল। কলকাতা পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের এই দুর্ঘটনায় বাড়ির ভেতরে আটকে পড়েন এক বৃদ্ধা-সহ মোট চার জন।
খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় জোড়াবাগান থানার পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী (DMG) এবং দমকল কর্মীরা। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালিয়ে বাড়ির ভেতরে আটকে থাকা চারজনকেই বের করে আনা সম্ভব হয়। বর্তমানে তাঁদের স্থানীয় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রাখা হয়েছে। দমকল বাহিনী এলাকায় ধ্বংসস্তূপ সরানোর কাজ চালাচ্ছে।
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রতিবেশীদের অভিযোগ, কোনওরকম সংস্কার না হওয়ায় বাড়িটি দীর্ঘদিন ধরেই অত্যন্ত বিপজ্জনক অবস্থায় ছিল। এই বিষয়ে প্রাক্তন পুর প্রতিনিধিকে একাধিকবার জানানো হলেও কোনও সুরাহা মেলেনি। বাসিন্দাদের দাবি, বাড়িটির একাংশ ভেঙে পড়ায় পাশের একটি বাড়ির দেওয়ালও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁদের আশঙ্কা, ভাঙা অংশটি যদি পেছনের বদলে সামনের দিকে পড়ত, তবে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত। স্থানীয় এক বাসিন্দা বলেন, “কয়েকশো বছরের পুরনো বাড়ি। কতবার আমরা কর্পোরেশনকে জানিয়েছি। কিন্তু একটা বোর্ডও টানায়নি।” ঘটনাস্থলে রয়েছেন কলকাতা পৌরসভার আধিকারিকরা।
