
কলকাতা: লোকসভায় এককাট্টা বিরোধী। শুক্রবার আসন পুনর্বিন্যায় ও মহিলা সংরক্ষণ বিল নিয়ে সংবিধান সংশোধনী বিলে বিরোধীরা একজোটে ভোটদান করায় দুই-তৃতীয়াংশ ভোট পায়নি কেন্দ্র। তার জেরে সংবিধান সংশোধনী বিল পাশ হয়নি। আর বিল পাশ আটকে যাওয়ার পরই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সূত্রের খবর, অভিষেককে ধন্যবাদ জানান রাহুল। ভোটাভুটিতে তৃণমূল সাংসদদের অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান। বেশ কিছুক্ষণ কথা হয় দুই নেতার। সূত্রের দাবি, অভিষেক জানান, দেশজুড়ে বিজেপি বিরোধী হাওয়া জোরদার হচ্ছে।
এদিন লোকসভায় ১৩১তম সংবিধান সংশোধনী বিল নিয়ে ভোটাভুটিতে বিলের পক্ষে ভোট পড়ে ২৯৮টি। বিপক্ষে ভোট পড়ে ২৩০টি। মোট ভোট পড়েছে ৫২৮টি। ফলে বিলটি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পাশ করাতে ব্যর্থ হয় সরকার। লোকসভার স্পিকার ফলাফল জানানোর পরই বিরোধী শিবিরে উচ্ছ্বাস দেখা যায়।
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তাঁরা মহিলাদের সংরক্ষণ বিলের বিরোধী নন। কিন্তু, আসন পুনর্বিন্যাসের সঙ্গে এই বিলটি জুড়ে দেওয়ার বিপক্ষে। এদিন তৃণমূলের একুশ জন সাংসদ লোকসভায় উপস্থিত ছিলেন।
লোকসভা ও রাজ্যগুলির বিধানসভায় মহিলাদের ৩৩ শতাংশ আসন সংরক্ষণের কথা বলা হয় বিলে। এদিন নিজের বক্তব্য বিরোধীদের নিশানা করে অমিত শাহ বলেছিলেন, “মহিলাদের সংরক্ষণ নিয়ে কেউ বিরোধিতা করছেন না। কিন্তু, যদি আমরা গভীরভাবে দেখি, তাহলে দেখব, INDI জোটের সব সদস্য যদি ও কিন্তুর কথা বলে বিলটির বিরোধিতা করছে।” একইসঙ্গে বিরোধীদের আবেদন করে তিনি বলেন, “ভরসা রাখুন, বিল পাশ হতে দিন।” শেষ পর্যন্ত বিল পাশ হয়নি। আর তারপরই অভিষেককে ফোন করেন রাহুল। এরপর বিরোধী শিবির আরও এককাট্টা হয় কি না, সেটাই দেখার।