West Bengal assembly: বাজেট অধিবেশনে বিধানসভায় কোথায় বসবেন পার্থ-হুমায়ুন?
Partha Chatterjee and Humayun Kabir: স্পিকার বিমান বন্দোপাধ্যায় জানিয়েছেন, নির্বাচনের আগে বিধানসভার শেষ অধিবেশন হতে চলেছে। মঙ্গলবার বাজেট অধিবেশন শুরু। বুধবার অধিবেশন বন্ধ থাকবে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজ্যপাল সাড়ে বারোটায় ভাষণ দেবেন। ওইদিন দুপুর আড়াইটেয় বাজেট পেশ হবে।

কলকাতা: তাঁরা ২ জনই শাসকদলের টিকিটে একুশের নির্বাচনে জিতেছেন। কিন্তু, পাঁচ বছর পর পরিস্থিতি বদলে গিয়েছে। একজন তিন বছরের বেশি জেলে কাটিয়ে এখন জামিনে মুক্ত। অন্যজন নিজের দল গড়েছেন। ছাব্বিশের নির্বাচনের আগে বিধানসভায় শেষ বাজেট অধিবেশনে পার্থ চট্টোপাধ্যায় ও হুমায়ুন কবীরের বসার আসন কি বদলাবে? কয়েকদিন ধরেই জল্পনা চলছিল। সোমবার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিলেন, হুমায়ুন কবীরের আসন বদলাচ্ছে না। পার্থ আগের আসনে না বসতে পেলেও রাজ্যের মন্ত্রীদের আসনের মধ্যে রাখা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর আসন।
একসময় তৃণমূলের মহাসচিব ছিলেন পার্থ। রাজ্যের একাধিক দফতর সামলেছেন। কিন্তু, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়ার পর মন্ত্রিত্ব থেকে সরানো হয় তাঁকে। দলও সাসপেন্ড করে। সেই পার্থর বিধানসভার অধিবেশনে আসন বদল নিয়ে জল্পনা চলছিল। একদা ২৯৮ নম্বর আসনে বসতেন পার্থ। এখন ওই আসনে বসেন ফিরহাদ হাকিম। ওই আসন না পেলেও রাজ্যের মন্ত্রীদের মধ্যে রাখা হয়েছে পার্থর আসন।
আবার ভরতপুরের বিধায়ক হুমায়নকে সাসপেন্ড করেছে তৃণমূল। তারপর নিজে দল গঠন করেছেন তিনি। সেই হুমায়ুনেরও আসন বদল নিয়ে জল্পনা চলছিল। এতদিন হুমায়ুনের আসন ছিল ৬ ব্লকের ২০৯ নম্বর আসন। তাঁকে অন্য কোথাও আসন দেওয়া হতে পারে বলে জল্পনা বাড়ছিল। শেষপর্যন্ত হুমায়ুন কবীরের আসনও বদল হচ্ছে না। পুরোনো আসনেই থাকছেন ভরতপুরের বিধায়ক।
এদিকে স্পিকার বিমান বন্দোপাধ্যায় জানিয়েছেন, নির্বাচনের আগে বিধানসভার শেষ অধিবেশন হতে চলেছে। মঙ্গলবার বাজেট অধিবেশন শুরু। বুধবার অধিবেশন বন্ধ থাকবে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজ্যপাল সাড়ে বারোটায় ভাষণ দেবেন। ওইদিন দুপুর আড়াইটেয় বাজেট পেশ হবে। একইসঙ্গে তিনি জানান, আগামী ৬ তারিখ এসআইআর নিয়ে বিধানসভায় প্রস্তাব আনা হচ্ছে। বিধানসভা নির্বাচনে আগে শেষ অধিবেশনে বিরোধীরা আলোচনায় অংশ নেবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
