Joynagar: প্রতিবেশীদের গালিগালাজ, যুবককে পিটিয়ে খুনের অভিযোগ
Joynagar Man Beaten to Death: পাশের বাড়ির কয়েকজন ব্যক্তি শাবল, লোহার রড এবং ধারাল অস্ত্র নিয়ে আব্দুল রাজ্জাকের উপর চড়াও হয়। তাঁকে বেধড়ক মারধর করা হয়। পরে তাঁকে উদ্ধার করে জয়নগর এক নম্বর ব্লকের পদদেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

দক্ষিণ ২৪ পরগনা: জয়নগরে প্রতিবেশীদের বিরুদ্ধে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল।মৃতের নাম আব্দুল রাজ্জাক শেখ (৩৬)। তাঁর বাড়ি জয়নগর থানার উত্তর দুর্গাপুরের মুচিপাড়ায়। সোমবার সকালে এই ঘটনাটি ঘটে।
অভিযোগ,পাশের বাড়ির কয়েকজন ব্যক্তি শাবল, লোহার রড এবং ধারাল অস্ত্র নিয়ে আব্দুল রাজ্জাকের উপর চড়াও হয়। তাঁকে বেধড়ক মারধর করা হয়। পরে তাঁকে উদ্ধার করে জয়নগর এক নম্বর ব্লকের পদদেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থল এসেছে জয়নগর থানার পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।সেই সঙ্গে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
মৃতের স্ত্রীর বয়ান অনুযায়ী,এই ঘটনায় ভেলো শেখ, ভোঁটন শেখ ও রাজু শেখ নামে কয়েকজনের জড়িত থাকার অভিযোগ উঠেছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, আব্দুল রাজ্জাক আগে কাপড় তৈরির কারখানায় কাজ করতেন। কিন্তু সেই কারখানা বন্ধ হয়ে যাওয়ায় তিনি কর্মহীন হয়ে পড়েন। অভিযোগ,গতকাল রাতে মদ্যপ অবস্থায় তিনি তার পুরনো সঙ্গী তথা পাশের বাড়ির কয়েকজন শ্রমিককে গালিগালাজ করেন। সেই ঘটনার জেরেই পুরনো রাগ ও আক্রোশ থেকে আজ সকালে অভিযুক্তরা একজোট হয়ে তার উপর হামলা চালায় বলে অভিযোগ।
