
কলকাতা: ব্যস্ত সময়ে ভয়ঙ্কর ঘটনা শিয়ালদহ দক্ষিণ শাখার বালিগঞ্জ স্টেশনে। ট্রেনের মাথায় পড়ে ঝলসে গেল এক ব্যক্তির দেহ। সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয় ট্রেন চলাচল। সব যাত্রীরা ট্রেন থেকে নেমে পড়েন। সন্ধে সাড়ে ৭টা নাগাদ এই ঘটনা ঘটে। কোনও ক্রমে ওই ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হলেও তাঁকে বাঁচানো যায়নি। পুলিশ সূত্রে খবর ওই ব্যক্তি আত্মঘাতী হয়েছেন।
এই ঘটনার জেরে প্রবল চাঞ্চল্য ছড়ায় বালিগঞ্জ স্টেশনে। সাধারণত সন্ধ্যার এই সময়টায় বাড়ি ফেরেন নিত্যযাত্রীরা। ফলে লোকাল ট্রেনগুলিতে ভিড় থাকে চোখে পড়ার মতো। সেই সময়ই এই ঘটনা ঘটে।
জানা গিয়েছে, ফুট ওভারব্রিজ থেকে ঝাঁপ দেন ওই ব্যক্তি। কিন্তু রেল লাইনে ঝাঁপ দেওয়ার আগেই স্টেশনে ঢুকে যায় ট্রেন। ট্রেনের উপরেই পড়ে যান ওই ব্যক্তি। ওভারহেড তারে ঝলসে যায় তাঁর দেহ। যাত্রীরা দেখেন ট্রেনের উপর পড়ে রয়েছে ঝলসানো শরীর। তখনও শরীরের একটা অংশ জ্বলছে। সঙ্গে সঙ্গে ছুটে যান রেলের কর্মীরা। দড়ি দিয়ে টেনে কোনও ক্রমে নামানো হয় ওই ব্যক্তিকে। তবে তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
সবিস্তারে আসছে…