
কলকাতা: তিনি ব্রিগেডে সভা করে যাওয়ার পরদিনই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে। নির্ঘণ্ট ঘোষণার পর কেটে গিয়েছে ১২ দিন। কিন্তু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় নির্বাচনী প্রচার কবে শুরু করবেন, তা নিয়ে ক্রমশ জল্পনা বাড়ছিল। অবশেষে প্রধানমন্ত্রীর প্রথম নির্বাচনী প্রচারের দিনক্ষণ জানা গেল। বাংলায় নির্বাচনী প্রচার কবে শুরু করছেন মোদী? প্রথম জনসভা কোথায় করবেন?
শুক্রবার বিজেপি সূত্রে জানা গেল, উত্তরবঙ্গ থেকে নির্বাচনী প্রচার শুরু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ৫ এপ্রিল আলিপুরদুয়ারে সভা করতে চলেছেন তিনি। বাংলায় এবার ২ দফায় ভোট হতে চলেছে। ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল। উত্তরবঙ্গের সব আসনে ভোট হবে প্রথম দফায়। ফলে মোদী তাঁর নির্বাচনী প্রচার শুরু করতে চলেছেন উত্তরবঙ্গেই।
গত ১৪ মার্চ ব্রিগেডে সভা করে গিয়েছেন মোদী। বাংলায় পরিবর্তনের ডাক দিয়ে গিয়েছেন। পরদিন জাতীয় নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করে। এরপরই জল্পনা শুরু হয়, প্রধানমন্ত্রী কবে বাংলায় নির্বাচনী প্রচার শুরু করবেন। বঙ্গ বিজেপির একাংশ চেয়েছিলেন, রামনবমীতে বাংলায় প্রচার শুরু করুন প্রধানমন্ত্রী। মার্চের শেষেও মোদী ভোটবঙ্গে প্রচার শুরু করতে পারেন বলে জল্পনা ছড়ায়।
শেষ পর্যন্ত এদিন জানা গেল, আগামী ৫ এপ্রিল বাংলায় ভোটের প্রচার শুরু করবেন মোদী। ২০১৯ সালের লোকসভা নির্বাচন থেকে উত্তরবঙ্গ পদ্মশিবিরের শক্ত ঘাঁটি হয়ে উঠেছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচন এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও উত্তরবঙ্গের ভোটাররা বিজেপিকে নিরাশ করেননি। বঙ্গ বিজেপির আশা, এই বিধানসভা নির্বাচনেও উত্তরবঙ্গের মানুষ তাঁদের সমর্থন করবেন। এই পরিস্থিতিতে বাংলায় মোদীর ভোট প্রচার শুরু হচ্ছে উত্তরবঙ্গ থেকেই। এদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ (শুক্রবার) বাংলায় পা রাখছেন। শনিবার তৃণমূলের বিরুদ্ধে ‘চার্জশিট’ প্রকাশ করবেন।