Debraj Chakraborty: দেবরাজের ‘তোলাবাজি’-র টাকা যেত অভিষেকের পিএ সুমিতের কাছে? টানা জেরা অদিতির স্বামীকে
Debraj Chakraborty News: জমি কেলেঙ্কারিতে অভিযুক্ত অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়। বর্তমানে তিনি পলাতক। জমি কেলেঙ্কারিতে অভিযুক্ত ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে জেরা করে উঠে আসে সুমিতের নাম। তারপর থেকেই সুমিতের খোঁজ পাওয়া যাচ্ছে না। সুমিতের খোঁজে অভিষেকের বাড়িতে পর্যন্ত তল্লাশি চালায় পুলিশ।

কলকাতা: জমি কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত অভিষেকের পিএ সুমিত রায় (P.A Sumit Roy) এখনও পলাতক। তাঁর খোঁজে মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে তল্লাশি চালিয়েছিল পুলিশ। এবার সুমিতের খোঁজে দেবরাজ চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সূত্রের খবর, গতকাল রাতে তাঁকে টানা জেরা করে বেঙ্গল এসটিএফ। পুলিশ সূত্রে খবর, দেবরাজের সঙ্গে যোগাযোগ ছিল সুমিতের। সেক্ষেত্রে, দেবরাজকে জিজ্ঞাসাবাদ করে সুমিতের কাছে পৌঁছনোর চেষ্টা করছে পুলিশ।
সুমিত রায়ের বিরুদ্ধে কী অভিযোগ?
জমি কেলেঙ্কারিতে অভিযুক্ত অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়। বর্তমানে তিনি পলাতক। জমি কেলেঙ্কারিতে অভিযুক্ত ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে জেরা করে উঠে আসে সুমিতের নাম। তারপর থেকেই সুমিতের খোঁজ পাওয়া যাচ্ছে না। সুমিতের খোঁজে অভিষেকের বাড়িতে পর্যন্ত তল্লাশি চালায় পুলিশ। সুমিতের শ্বশুরবাড়িতেও তল্লাশি চালানো হয়। কিন্তু, তাঁর খোঁজ পায়নি পুলিশ।
দেবরাজের তোলাবাজির টাকা যেত সুমিতের কাছে?
এদিকে, পুলিশ সূত্রে খবর, সুমিতের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল দেবরাজের। সম্প্রতি, তোলাবাজি, হুমকি, প্রতারণা-সহ একাধিক অভিযোগে দেবরাজকে গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ। হেফাজতে নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবার সুমিতের খোঁজ পেতেও তাঁকেও জেরা করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। গতকাল রাত সাড়ে দশটায় বাগুইআটি থানায় দেবরাজ চক্রবর্তীকে লাগাতার জেরা করা হয়। কোথায় রয়েছেন পিএ সুমিত রায়? একইসঙ্গে প্রশ্ন উঠছে, দেবরাজের তোলাবাজির টাকা কি সুমিতের কাছে যেত? সব তথ্য পেতে এরপরও দেবরাজকে জেরা করা হবে বলে জানা গিয়েছে।
