Student Death: ঠাকুর দেখতে দেখতে সাইকেল থেকে ফুটন্ত কড়াইতে, ক্লাস সিক্সের ছাত্রীর মর্মান্তিক মৃত্যু
Student Death: ঘটনার পর তড়িঘড়ি পুজো কমিটির লোকজন এবং প্রতিবেশীরা তাকে নিয়ে যায় বিদ্যাসাগর হাসপাতালে। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় এমআর বাঙ্গুরে। শুক্রবার সেখানেই মৃত্যু হয়েছে তার। ইতিমধ্যে শোকের ছায়া নেমেছে এলাকায়। তৃষার বাবার বছর চারেক আগে মৃত্যু হয়।

সরশুনা: জগদ্ধাত্রী পুজোয় মর্মান্তিক ঘটনা। ফুটন্ত খিচুড়ির কড়াইতে পড়ে গেল ছাত্রী। সরশুনা থানার অন্তর্গত কাষ্ঠডাঙা সাপুই পাড়ার ঘটনা। গত বৃহস্পতিবার ঘটনাটি ঘটে। মৃতের নাম তৃষা। শিবরামপুর গার্লস স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী তৃষা। অন্যমনস্ক হয়েই সে খিচুড়ির কড়ায় পড়ে যায় বলে অভিযোগ।
পরিবারের সদস্যরা জানাচ্ছেন, রাস্তার একদিকে ছিল ঠাকুরের মণ্ডপ। অন্যদিকে, ভোগের খিচুড়ি রান্না হচ্ছিল। তৃষা সাইকেলে চেপে ঠাকুরের মুখের দিকে তাকিয়ে যাচ্ছিল। অন্যমনস্ক হয়ে বেসামাল হয়ে পড়ে সে। সাইকেল উল্টে সোজা গিয়ে পড়ে কড়াইয়ের ফুটন্ত খিচুড়ির উপর। খিচুড়ি উল্টে পড়ে যায় তার শরীরের উপর।
তড়িঘড়ি পুজো কমিটির লোকজন এবং প্রতিবেশীরা তাকে নিয়ে যায় বিদ্যাসাগর হাসপাতালে। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় এমআর বাঙ্গুরে। শুক্রবার সেখানেই মৃত্যু হয়েছে তার। ইতিমধ্যে শোকের ছায়া নেমেছে এলাকায়। তৃষার বাবার বছর চারেক আগে মৃত্যু হয়। মায়ের সঙ্গে থাকত একমাত্র মেয়ে।
স্থানীয় লোকজনের অভিযোগ, গত পরশুদিন তৃষার অপারেশন হয়। তারপর ডাক্তার তাদেরকে আইসিইউ বেড খুঁজতে বলে, কিন্তু এমআর বাঙুরে আইসিইউ বেড পাওয়া যায়নি। শহরের বিভিন্ন হাসপাতালে আইসিইউ বেড খুঁজে না পাওয়ার জন্যই তার মৃত্যু হল বলে দাবি স্থানীয় বাসিন্দাদের।
আরও অভিযোগ, এমআর বাঙুর হাসপাতালের আইসিইউ বেড থাকা সত্ত্বেও এই রোগীকে বেড দেওয়া হয়নি। ছাত্রীর মৃত্যুতে শোকের ছায়া গোটা এলাকায়। ইতিমধ্যে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
